ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সাল কবির আখন্দকে তার সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

১০ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।