ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। নিহত দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোরে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।