মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চুক্তির তালিকা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘যে তালিকাটি এসেছে এটা কোনো একজন দিয়েছে…সার্কুলার করেছে। সেটা সম্ভবত একজন উপদেষ্টা তার নিজের ফেসবুকে রিপোস্ট করেছেন একটা কমেন্টসহ।’
তবে তৌহিদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের করা কমেন্ট নিয়ে কোনো মন্তব্য করতে চননি। তিনি বিষয়টি পরিষ্কার করতে এলওসি-সম্পর্কিত চুক্তিগুলোর তালিকা পড়ে শোনান এবং বলেন, এর কিছু চুক্তি এখনো পর্যালোচনার পর্যায়ে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় কেবল একটি চুক্তিই বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে তালিকাটা এসেছে, এটা কোনো একজন দিয়েছেন। সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্টসহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। হয়তো এটা উনি না করলেও পারতেন।’
তিনি বলেন, ‘যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি বাতিল করা হয়েছে। এটা অনেক পুরোনো, অনেক দিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই- অন্য রকম ডেসক্রিপশনে কিছু আছে।’
উপদেষ্টা জানান, ‘ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ’ ও ‘অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ’ নামে কোনো প্রকল্প নেই। ‘আশুগঞ্জ-আগরতলা করিডর’ নামে কিছু নেই, তবে ‘আশুগঞ্জ-সরাইল-ধরখার প্রজেক্ট’ নামে একটি প্রকল্প চলমান। এটার একটি প্যাকেজ বাতিল হয়েছে, বাকিটুকু চালু আছে। ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প- এমন কোনো প্রকল্প নেই, একটি সমঝোতা (এমওইউ) আছে বেশ কিছুদিন আগের এবং সেটা এখনো বাতিল হয়নি।