‘মেয়েকে দেখতে দুই মাসের জন্য দেশে এসেছিল আমার ছেলেটা, ডেঙ্গুতে মারা গেল’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে

‘দুই বছর আগে তিন মাসের ছুটিতে দেশে এসে বিয়ে করেছে। এরপর আবার কাতারে চলে যায়। নয় মাস আগে তার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। এর পর থেকেই দেশে আসার জন্য তার মন ছটফট করছিল। তাই তার মা তাকে দেশে আসতে বলে। মেয়েকে দেখতে দুই মাসের জন্য দেশে এসেছিল আমার ছেলেটা, এর মধ্যেই ডেঙ্গুতে মারা গেল।’

আজ রোববার সকালে মুঠোফোনে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া গ্রামের নুর হোসেন সওদাগরের বাড়ির বাসিন্দা আহম্মদ নবী। মুঠোফোনের অপর প্রান্তে ছেলের মৃত্যুর প্রসঙ্গে বলতে গিয়ে গলায় যেন আটকে যাচ্ছিল তাঁর কথা।

গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর প্রবাসী ছেলে নেজাম উদ্দিন ওরফে পারভেজ (৩৪)। কাতারে একটি প্রকল্পে প্রকৌশলী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। মৃত্যুর ২৯ দিন আগে তিনি ছুটিতে দেশে আসেন।

পরিবার সূত্রে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে (পুরকৌশল) স্নাতক শেষ করে ২০১৮ সালে কাতারে পাড়ি জমান নেজাম। দুই বছর আগে বিয়ে করেন তিনি। ঘরে তাঁর স্ত্রী ও নয় মাস বয়সী একটি মেয়ে রয়েছে।