কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স শহরতলীর দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ডিসেম্বরকে সামনে রেখে মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া আক্তারের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা চলছিল। গোয়েন্দা তৎপরতা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানায় নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সোনিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।