লাকসামে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

লাকসাম প্রতিনিধি।।
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুমিল্লার লাকসামে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার খুনতা গ্রামে। ঘটনায় অভিযুক্ত আবদুর রশিদ ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি।
স্থানীয়রা জানান, শিশুটির পরিবার খুবই দরিদ্র। শনিবার দুপুরে শিশুটির মা-বাবা দুইজনেই কাজে ছিলেন। এ সময়ে ঘরে ঢুকে শিশুটিকে যৌন নিপীড়ন করেন আবদুর রশিদ। এমন সময় হঠাৎ শিশুটির মা ঘরে ঢুকলে রশিদ দ্রুত সেখান থেকে পালিয়ে যান। শিশুটিকে সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিতে বলেন। কিন্তু পরিবার শিশুটিকে সেখানে নেয়নি। তারা শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে যান।
শিশুটির গতকাল রাতে জানান, ঘটনার দিন দুপুরে ঘরে ফিরে দেখি, লোকটা (রশিদ) মেয়ের সঙ্গে খারাপ কাজের চেষ্টা করছে।
শিশুটির বাবা বলেন, এলাকার লোকজন বলছে বিচার করে দিবে, এ জন্য আর মামলা করতে চাই না। তারা যদি ভালো করে বিচার করে দেয় তাহলে চলবে। একই গ্রামে থাকি, এলাকার লোকজনের বাইরে যাব কীভাবে?
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অন্তত দুইজন ব্যক্তি বলেন, ঘটনার পর স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি মীমাংসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা শিশুটির পরিবারকে বলছেন, যদি আমরা সঠিক বিচার না করতে পারি, তাহলে আপনারা থানায় যাবেন।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে ওই রাজনৈতিক নেতাদের ভুক্তভোগীর পরিবারকে মীমাংসার আশ্বাস দিতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই আমরা এসে যাবতীয় ব্যবস্থা নিয়েছি। শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার বলেছে শিশুটির সঙ্গে কিছু হয় নাই। আপনারা নিশ্চিন্তে বাসায় যেতে পারেন। শুধু মেয়েটির হাতের মধ্যে একটি কামড় দিয়েছে। আমরা শিশুটির পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছি। শিশুটির পরিবার আমাদের কথায় একমত আছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি কাজী কামরুন্নাহার লাইলি জানান, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কিন্তু জড়িত ব্যক্তি এলাকা থেকে আত্মগোপনে আছেন। মামলা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।