জীবন নামের দীর্ঘ অভিযাত্রায় কিছু মানুষ থাকেন যাঁরা কেবল পাশে থাকেন না, বরং নীরবে পাহারা দেন। সুখ-দুঃখের চেয়েও গভীর এক দায়বদ্ধতায় তাঁরা প্রতিনিয়ত খোঁজ রাখেন। আপনি কেমন আছেন, কোথায় আছেন, নিরাপদ আছেন কি না। আমার জীবনে তেমনই এক আশ্রয়, এক নির্ভরতার নাম জাহেরা আক্তার। আমার স্ত্রী, আমার জীবন বন্ধু।
তিনি আমার কলেজ জীবনের সহপাঠিনী। সময়ের ধারায় বন্ধুত্ব অনেক রূপ নেয়, অনেক সম্পর্ক ঝরে পড়ে, অনেক অনুভূতি ফিকে হয়ে যায়। কিন্তু জাহেরা আক্তারের সঙ্গে আমার সম্পর্কটি ঠিক তেমন নয়। তিনি একাধারে নিঃস্বার্থ, ব্যক্তিত্বসম্পন্ন, পরোপকারী, সজ্জন, বিনয়ী এবং অকৃপণ একজন প্রকৃত মানুষের মধ্যে যে গুণগুলো থাকা দরকার, তার প্রায় সবই তাঁর ভেতরে স্বাভাবিকভাবেই উপস্থিত।
সহপাঠী বন্ধুত্বের সেই অধ্যায় পেরিয়ে ২০০২ সালের ১০ মে আমরা হয়ে উঠলাম জীবন বন্ধু। তারপর থেকে সময় গড়িয়ে গেছে ২০০২ থেকে ২০২৫। এক ছাদের নিচে কেটে গেছে টানা ২৩টি বছর। এই দীর্ঘ সময়ের প্রতিটি দিনেই তিনি আমাকে দেখেছেন, আগলে রেখেছেন, খেয়াল করেছেন। কখনো চোখের আড়াল করেননি। আর যদি কখনো বাস্তবতার প্রয়োজনে চোখের আড়ালে থেকেছি, তবে মনের আড়াল কখনো হতে দেননি।
এই সময়ে মোবাইল ফোন আমাদের সম্পর্কের নীরব সেতু হয়ে উঠেছে। দূরত্ব যতই হোক, খোঁজের কমতি হয়নি কখনো। বন্ধুদের কাছ থেকে এ নিয়ে মজার টিপ্পনিও শুনেছি বহুবার। তারা হাসতে হাসতে বলেন,
“আপনার বা তোমার জীবন বন্ধু যতবার খোঁজ নেয়, আমাদের বউরা তো তার এক ভাগও নেয় না!”
এই কথার ভেতরেই লুকিয়ে থাকে এক গভীর সত্য ভালবাসা যখন দায়িত্ব হয়ে ওঠে, তখন তার ভাষা হয় যত্ন।
২৬ জুন, শুক্রবার।
দুপুরে জুম্মার নামাজ আদায় করে লাঞ্চ শেষ করি। এরপর কুমিল্লায় ফেরার টিকিট কাটার সিদ্ধান্ত নিই। হানিফ পরিবহনে টিকিট কেটে হোটেলের দিকে হাঁটছি। হাঁটতে হাঁটতেই জীবন বন্ধুকে ফোন করে জানালাম,
“টিকিট কেটেছি। বিকাল চারটায় গাড়ি ছাড়বে।” এই কথাটুকুই ছিল সেদিন তাঁর সঙ্গে আমার শেষ স্বাভাবিক আলাপ। হোটেল থেকে নীলফামারী ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার আগ পর্যন্ত এটিই ছিল আমাদের শেষ যোগাযোগ।
আমি জানি , ঠিক বিকাল চারটায় জীবন বন্ধু ফোন করবেই। কুমিল্লায় পৌঁছানো পর্যন্ত পালাক্রমে অন্তত তিন চারবার ফোন করে আমার অবস্থান নিশ্চিত করতেন। এটাই তাঁর অভ্যাস, এটাই তাঁর ভালোবাসার নিয়ম।
কিন্তু সেদিন নিয়ম ভেঙে যায়। ডিবি পুলিশ আমাদের আটক করার সময় মোবাইল ফোনও নিজেদের কাছে নিয়ে নেয়। এরপর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর সময় টানা ৩১ ঘণ্টা । কোনো যোগাযোগ নেই, কোনো খবর নেই, কোনো নিশ্চয়তা নেই।
অবশেষে ২৭ জুন , শনিবার রাত পোনে বারোটার দিকে আমার হাতে মোবাইল ফোনটি ফেরত আসে।
আমি জানি না, ওই ৩১ ঘণ্টায় জীবন বন্ধু জাহেরা আক্তার কতবার ফোন করেছেন, কতবার অপেক্ষা করেছেন, কতবার দুশ্চিন্তায় নির্ঘুম থেকেছেন। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, আমার নিখোঁজ সময়ের প্রতিটি মুহূর্তে তিনি আমাকে খুঁজেছেন হৃদয়ের গভীরতা দিয়ে। এই খোঁজই একজন জীবন বন্ধুকে আলাদা করে। এই খোঁজই সম্পর্ককে নামের বাইরে নিয়ে যায় মানুষের অস্তিত্বে।
৩৯। জীবন বন্ধুর কথা : নিখোঁজ রাতের অস্থিরতা
২৭ জুন, বিকেল সাড়ে চারটায়।
জীবন বন্ধু জাহেরা আমাকে ফোন করার চেষ্টা করলেন দু’বার। কিন্তু কোনো সাড়া পাননি। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো মোবাইল পকেটে আছে, আর কিছুক্ষণ পর আমি নিজে ফোন ব্যাক করব। কিন্তু, তার প্রত্যাশা বিফল হলো। বিকেলের পর থেকে সন্ধ্যা নামতেই তার অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। মনের ভেতর এক অদৃশ্য চাপ জমে, নিঃশব্দ উদ্বেগ তাকে অস্থির করে তোলে।
রাতটি কাটে নিঃশব্দ ও নির্ঘুম। সে কল্পনায় আমাকে চারপাশে খুঁজতে থাকে। অবশেষে ২৮ জুন, শনিবার সকাল বেলা তার অস্থিরতা সহ্য করতে না পেরে, সে তার ছোট বোনের স্বামী ফরহাদ ভূঁইয়াকে খবর দেন।
ফরহাদ, জাহেরার নির্দেশে, সকালেই নূর জাহান হোটেলের নীলফামারীগামী সকল যাত্রীবাহী বাস কাউন্টারে খোঁজখবর নিতে শুরু করে। সে নিশ্চিত করে গত রাতে কোনো দুর্ঘটনা হয়নি, কোনো প্রাণহানি হয়নি। এরপর বাসায় এসে জীবন বন্ধু জাহেরাকে জানায়। কিন্তু আমার নিখোঁজ হওয়ার খবরে মুহূর্তের মধ্যে বাসা যেন মৃত্যুপুরীতে পরিণত হলো।
আমার হৃৎপিণ্ডের ব্যাথা কে বুঝবে? আমার এইচএসসি পরীক্ষার্থী ছেলে আবির, যে রোববারের পরীক্ষার জন্য মনোযোগ ধরে রাখার চেষ্টা করছে, তার সমস্ত মনোযোগ বাবার খোঁজে।
দশম শ্রেণীর মেয়ে দিবা, চোখে অশ্রু নিয়ে, কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে “আম্মু, আমার আব্বুকে এনে দাও!”
এই মুহূর্তে গোটা পরিবার হঠাৎ করে শূন্যে পড়ে। খবর ছড়িয়ে পড়ে কেবল বাড়িতে নয়, সারা দেশে।
সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, অন্যান্য প্ল্যাটফর্ম সয়লাব হয়ে যায় নিখোঁজ সংবাদে। আমার চেনা অচেনা হাজার হাজার ফেসবুক আইডি থেকে ভেসে আসে বার্তা, দোয়া ও সহমর্মিতা। ধর্ম, বর্ণ নির্বিশেষে, সবাই যেন এক মানুষকে বাঁচানোর জন্য মনের প্রাণপ্রয়াস দিচ্ছে।
সেই সঙ্গে আমার সহকর্মী আবুল খায়ের ভাই, সৈয়দ আহমেদ লাভলু ভাই, আবদুর রহমান এবং ফরহাদ শুরু করে কুমিল্লা পুলিশ সুপার ও কোতোয়ালী মডেল থানায় যাতায়াত। জাহেরাও সঙ্গে ছিলেন। পরিস্থিতি আরও সুসংগঠিত করতে সাংবাদিক ইয়াসমীন রীমা আপা যোগ দিলেন। মোবাইলে যোগাযোগ রাখেন সহকর্মী এনামুল হক ফারুক ও মহিউদ্দিন মোল্লা।
যদিও আমি নীলফামারী ডিবি পুলিশের হাতে আটক হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই খবর পেয়ে যায় কুমিল্লা পুলিশ সুপার ও কোতয়ালী মডেল থানার ওসি। কিন্তু অদৃশ্যকারণে তারা আমার পরিবারের সঙ্গে সঠিক তথ্যটি শেয়ার করেননি। আমি জানি না, এটা আইনগত কৌশল নাকি মানসিক চাপের একটি পরীক্ষা। কিন্তু, কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং কোতোয়ালী মডেল থানার ওসি মইনুল হোসেন আমার পক্ষে বারবার নীলফামারী পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন। নীলফামারী পুলিশ সুপার অনেক চেষ্টা করেছেন কুমিল্লা পুলিশ সুপারকে দিয়ে আমার সম্পর্কে নেতিবাচক তথ্য নিতে। কিন্তু কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান সেদিন সত্যের পক্ষে মাথা উচুঁ করে না দাঁড়ালে আমার ইতিহাস হয়তো অন্য রকম হতো। সফল হতো ষড়যন্ত্রকারীরা।
সাংবাদিক ইয়াসমীন রীমা আপার পরামর্শে, জাহেরা পুনরায় কোতোয়ালী থানায় গিয়ে জিডি করার চেষ্টা করেন।
থানার দায়িত্বরত পুলিশ প্রথমে জিডি নিতে অনীহা প্রকাশ করেন। যেন অজানা এক আতঙ্কের আবরণে আটকে গেছি আমি।
এই মুহূর্তে উত্তেজনা ছড়ায় সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু ভাইয়ের মধ্যে। তার স্পষ্ট ও দৃঢ় উপস্থিতি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। অবশেষে ওসির নির্দেশে জিডি গ্রহণ করা হয়।
এভাবেই শুরু হলো একটি দীর্ঘ, অস্থির, শ্বাসরুদ্ধকর এবং একদিকে একা, অন্যদিকে সম্পূর্ণ সমর্থিত রাতের গল্প যা পরবর্তী অধ্যায়ে আমাদের মুক্তি এবং কুমিল্লায় ফিরে আসার আনন্দের সঙ্গে মিলিত হবে