সোমবার থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

সারাদেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য সংগ্রহের সময় সঠিক তথ্য দেওয়া এবং কার্ডের নামে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে নাগরিকদের সতর্ক করা হবে।

এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রচারণার ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় থানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম একযোগে শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরিবারের আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন করে সহায়তার প্রয়োজন নির্ধারণ করা হবে।

প্রচারণার বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। এ সময় পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দিতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সম্পর্কে জানানো হবে। একই সঙ্গে সতর্ক করা হবে, কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা চাইলে তাঁকে বিশ্বাস করা যাবে না। তথ্য দেওয়ার জন্য কোনো অর্থ দিতে হবে না।

মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে দুই মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের তথ্য সংগ্রহে যেন বাদ না পড়েন, সে বিষয়ে খোঁজ রাখার আহ্বান জানানো হবে। প্রচারণার বার্তায় কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথা উল্লেখ রয়েছে।