স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, দল থেকে সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সাহেদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন জয় ও সদস্য সচিব ইকরাম মাহমুদ ফাহাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। দলের প্রাথমিক সদস্য পদসহ সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সাহেদ দালালবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন ও লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সক্রিয় ছিলেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে ছাত্রদল নেতা সাহেদ সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে জুয়েলকে চেয়ার দিয়ে পিটুনিসহ ব্যাপক মারধর করেন। এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানোসহ কিল-ঘুষি ও লাথি দিয়ে রক্তাক্ত করা হয়।

ছাত্রদল নেতা সাহেদ ও তার অনুসারীরা ঘটনাটি ঘটিয়েছেন। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে সাহেদ ও জুয়েলদের মধ্যে মোবাইল কেনবেচা নিয়ে মারামারি হয়। এতে চিকিৎসা নেওয়ার জন্য জুয়েল হাসপাতালে আসেন। এসময় সাহেদ তার অনুসারীদের নিয়ে এসে হাসপাতালের সামনেই জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে ঢুকলে সেখানে সাহেদও আসেন। এসময় ইমার্জেন্সি কক্ষের ভেতরই সাহেদ তাকে চেয়ার দিয়ে পিটুনিসহ এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করেন।

এ ব্যাপারে চেষ্টা করেও ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সাহেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জেলা ছাত্রদলের হাসিবুর রহমান অভি বলেন, সাহেদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সঙ্গে এখন ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।