কুমিল্লার লালমাইয়ে মেঘনা কোল্ড স্টোরেজে লাইসেন্সবিহীন প্রায় ৪ লাখ ২৭ হাজার ৫০০ পিস ডিম অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত এবং সেই সাথে মজুদকৃত ডিম নিলামে তুলে ২৭ লাখ টাকায় বিক্রি করা হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তারের নেতৃত্বে উপজেলার বাগমারাস্থ বরল মেঘনা কোল্ড স্টোরেজ লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ১৬ মে একই হিমাগারে ২১ লাখ ডিম অবৈধভাবে মজুদ রাখার দায়ে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, একটি সিন্ডিকেট ডিমের বাজার অস্থিতিশীল অবৈধভাবে মজুদ রেখেছে এমন খবরে বৃহস্পতিবার সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ লাখ ২৭ হাজার ৫০০ পিস ডিমের সন্ধান পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুক আহম্মেদ কে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই ডিমগুলো নিলামে তুলে বিক্রি করা হয়।