কুমিল্লার বুড়িচংয়ে এক মুদি দোকানে অবৈধভাবে মজুত করা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ১ হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২ জুলাই) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে এ অভিযান চালানো হয়। ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী কাউসারের দোকান থেকে ৭৯ কার্টুনে রাখা ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।তিনি আরও জানান, সরকারি পণ্য অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তেলগুলো জব্দ করে সরকারিভাবে নিয়ম অনুযায়ী বিতরণের প্রক্রিয়া চলছে।তেল কোথা থেকে এসেছে, কোন ডিলারের বরাদ্দ থেকে সরানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, অভিযুক্ত ব্যবসায়ী কাউসার দাবি করেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে তিনি তেলগুলো কিনে দোকানে মজুত করেছিলেন বিক্রির জন্য।