Oplus_131072
কুমিল্লার লালমাই উপজেলা প্রতিষ্ঠার দীর্ঘ আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে নয়টি ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি হাসান বিন সফিক সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মজিবুল্লাহ মজিব, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, জেলা সদস্য ফোরকান উদ্দিন মেহেদী, হুমায়ুন কবির শরীফ, ফরহাদ উদ্দিন ও জহিরুল ইসলাম তৌফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের ঐক্য, সংগঠনের বিস্তার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দীর্ঘ আট বছর পর এ সম্মেলন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সংগঠনের ভেতরে নতুন নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সম্মেলনের শেষ পর্যায়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাকালীন কমিটির জন্য ৮ জন আহ্বায়ক ও ১০ জন সদস্য সচিব পদে প্রার্থিতা ঘোষণা করেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান এবং ঐক্যবদ্ধ উপস্থিতি পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।