কুমিল্লার সদর দক্ষিণে পারিবারিক দ্বন্দ্বে ডাবল মার্ডার

# ঘাতক আটক
রুবেল মজুমদার ।।
প্রকাশ: ৮ মাস আগে

কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক যুবকের হাতে মা ও বোন খুন হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লুৎফা বেগম (৭০) ও তাঁর মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩২)। এ ঘটনায় লুৎফা বেগমের ছেলে শাহিন হোসেন (৩৮) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,পারিবারিক কলহের জেরে দুপুরে শাহিন ঘরে রাখা ধারালো দা দিয়ে প্রথমে মাকে কোপান। বোন শিল্পী মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কোপান তিনি। ঘটনাস্থলেই মা ও বোনের মৃত্যু হয়।
নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করেন, “আমার মা পাঁচ বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এ নিয়ে শাহিনের স্ত্রী লাকি বেগম মাকে ঠিকমতো খাবার দিত না, সবসময় অত্যাচার করত, মেরে ফেলার হুমকি দিত। আজ তারা মেরে ফেলল। আমি তাদের ফাঁসি চাই।”
নিহতের ছোট বোন শাহানা বেগম বলেন, “আমার বোনকে শাহিন ও তার স্ত্রী লাকি মিলে হত্যা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি সেলিম মিয়া বলেন, ঘটনার পর পরই পুলিশে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে। মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।