কুমিল্লার তরুণ সাংবাদিক আবুল কালাম রুবেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া প্রচারণার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক ছয় বছর ধরে দৈনিক সময়ের আলো এবং রাইজিং বিডি কুমিল্লার সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। পাশাপাশি দৈনিক কুমিল্লার জমিনের নিজস্ব প্রতিবেদক হিসাবেও কর্মরত রয়েছেন তিনি।
অভিযোগে ভুক্তভোগী সাংবাদিক আবুল কালাম জানান, গত ১ সেপ্টেম্বর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে যোগদানের পরপরই ‘মানব কথা’ নামে কথিত একটি ভুয়া অনলাইন পোর্টাল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। ওই পোর্টাল তার ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে এডিট করে এক রাজনৈতিক নেতার সঙ্গে জড়িয়ে প্রকাশ করে।
এর আগেও বিগত সরকারের আমলে নিউজের জেরে তাকে জামায়াত ও বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে উক্ত কথিত পোর্টাল প্রচার চালিয়ে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক রুবেল বলেন, দীর্ঘ চার বছর সুনামের সঙ্গে সাংবাদিকতা করছি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোদিন সম্পৃক্ত নই। অথচ ও মনগড়া ভুয়া তথ্য প্রচার করে আমার পেশাগত জীবনে বাধা সৃষ্টি করছে। গত বছর ৫ আগস্ট এর আগে সংবাদের জের বিভিন্ন রাজনীতি দলের ট্যাগ দেওয়া হয়েছিল।
কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রিমা বলেন, ফ্যাসিস্ট আমলে রুবেল অসংখ্য দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করছেব । জুলাই বিপ্লবে কুমিল্লায় অস্ত্রধারীদের ছবি-ভিডিও তিনিই করেছিলেন। তার বিরুদ্ধে অপপ্রচার দুঃখজনক।
কুমিল্লা প্রেসক্লাব সভাপতি এনামুলক ফারুক বলেন, কিছু ভুঁইফোড় সাংবাদিক পেশাদার সংবাদকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা বিষয়টি নজরে রেখেছি এবং প্রশাসনকে জানিয়েছি।
এই বিষয় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, অতীতেও কুমিল্লার স্বনামধন্য অনেক সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে এই অপপ্রচার করছে এই পোর্টাল। আমরা একাধিক অভিযোগ পেয়েছি, এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।