জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে চায় কমিশন এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, তবে ব্যর্থ হলে তা ২ অক্টোবরের পরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতেই এই কথা বলেন তিনি। আগামী একমাস নয় আরও দ্রুততম সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের সিদ্ধান্তে একমত হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
কমিশনের সহ-সভাপতি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন এবং ০২ অক্টোবর তিনি দেশে ফিরে আসবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণভোট ও সাংবিধানিক আদেশ এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল তা কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুতই ঐকমত্যে পৌঁছাতে পারবেন তারা।