জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠকে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের যৌথ কর্মসূচি ঘোষণা, জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে এর প্রতিক্রিয়ায় কী হতে পারে, অথবা সরকারের দিক থেকে অমীমাংসিত সংস্কার চাপিয়ে দেওয়া হলে এর পরিণতিতে কী হতে পারে- এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতায় বিশ্বাসী। পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কমর্সূচি দিয়ে দেশ অস্থিতিশীল করলে- তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সব জায়গাতেই ঐকমত্য হবে না। কিছু চাওয়া বা দাবি-দাওয়াতেও কোনো অসুবিধা নেই। তবে সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে। স্থায়ী কমিটির অপর এক সদস্য বলেন, বিরোধী পক্ষের রাজনৈতিক কৌশলের বিপরীতে মাঠের কর্মসূচি দিয়ে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে জবাব দেওয়াটাই সমীচীন হবে। বিএনপি মনে করে মাঠপর্যায়ে নির্বাচনি হাওয়া উঠে গেলে বিরোধীদের সব চক্রান্ত এবং অযৌক্তিক দাবি হারিয়ে যাবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জামায়াতসহ কয়েকটি ইসলামি দলের পিআর দাবিতে আন্দোলন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলের দাবি নিয়ে আন্দোলন করার অধিকার আছে। তবে আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম, কে কয়টা মিছিল দিলাম তার ওপর কি পিআর নির্ধারিত হবে? সেটার জন্য তো একটা প্রক্রিয়া আছে, আলোচনার টেবিলে আসতে হবে। সে আলোচনার টেবিলে আমরা আছি। সেটা এখনো অব্যাহত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে বাকি চার মাস সময় কাজে লাগিয়ে বিএনপি পরিপূর্ণ প্রস্তুতি নিতে চাচ্ছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে সভা-সমাবেশের মাধ্যমে ভোটের হাওয়া তৈরির কথাও বিবেচনায় রয়েছে বিএনপির নীতিনির্ধারকদের। নির্বাচনি অঙ্গীকার বা প্রতিশ্রুতি হিসেবে দ্রুত সময়ের মধ্যে যুগোপযোগী নির্বাচনি ইশতেহার তৈরিরও কাজ শুরু হয়েছে। ইশতেহার তৈরির জন্য শিক্ষা, স্বাস্থ্য, অর্থ-বাণিজ্য, পররাষ্ট্র, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতভিত্তিক বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের দেওয়া দায়িত্ব তারা ইতোমধ্যেই পালন শুরু করেছেন। দলের নির্বাচনি ইশতেহার প্রণয়নের বিষয়ে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জনপ্রত্যাশা পূরণের অঙ্গীকারের পাশাপাশি সংস্কার ও বাস্তবমুখী ইশতেহার হবে এবার।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশব্যাপী ৩০০ আসনের বিপরীতে ৭০ থেকে ৮০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এ ব্যাপারে সংশ্লিষ্ট নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু করেছেন। বিভিন্ন উইং থেকে সংগ্রহ করা হচ্ছে আসনভিত্তিক মাঠপর্যায়ের বাস্তব চিত্র। তাদের সবার আমলনামা নিয়ে বসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তফসিলের আগেই প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। এ জন্য দলের সিদ্ধান্তেও নানা পরিবর্তন আনা হচ্ছে। নানা হিসাবনিকাশ করেই এবার আসনভিত্তিক একক প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি কার্যক্রম চলছে।
স্থায়ী কমিটির এর আগের বৈঠকে সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ সৃষ্টি এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠের কর্মসূচি শুরুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ না হওয়ায় বিএনপি মাঠের কর্মসূচি থেকে বিরত থাকে।
জামায়াতসহ কয়েকটি দলের কর্মসূচির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি ঘোষণা করাটা স্ববিরোধিতা। তিনি প্রশ্ন তুলে বলেন, এই আন্দোলন কাদের বিরুদ্ধে, সেটা দেখতে হবে। এটা কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, নাকি জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে? এটা নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কি না, সেটিও খতিয়ে দেখতে হবে। বাংলাদেশ প্রতিদিন
