বিএনপি লাউ, জামায়াত কদু: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সামনের নির্বাচন হচ্ছে লাউ কদুর নির্বাচন। লাউ হলো বিএনপি, কদু হলো জামায়াত। চার দলীয় জোটে লাউ-কদু এক সাথেই ছিল। লাউ তরকারি খারাপ না। কিন্তু আপনারা যে লাউ-কদু ইলেকশন করতে যাচ্ছেন, সেই লাউ-কদু ইলেকশনের আগে অনেকগুলা প্রসেস আপনাদের লাগবে। লাউ আর কদুর কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলে

তিনি বলেন, একটা অভিযোগ ছিল এনসিপি কি জুলাই বিক্রি করে দিল নাকি? আমরা জুলাই বিক্রি করতে আসিনি। জুলাইকে সঠিক পথে রাখছি। বিএনপি, জামায়াত — আপনারা জাহাজ বানিয়েছেন, তেল আমরা তরুণ প্রজন্ম নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে। এক দল সরকারি হতে চাচ্ছে, আরেক দল বিরোধী। এক দল ভারতে এক পা দিয়েছে, আরেক দল পাকিস্তানে। এগুলো সামনে আরও স্পষ্ট হবে। দেশের মানুষ সেটি দেখতে চায় না।

জামায়াত নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বর (পিআর) দাবি তুলে সংস্কারের কথা বলে ভাঁওতাবাজি করছে অভিযোগ করে তিনি বলেন, আপনারা যে সাইন (জুলাই সনদে স্বাক্ষর) করে দিয়েছেন, এ বিষয়ে কেন আমাদের কথা বলতে হলো। আপনাদের আমরা আগের দিন গিয়ে বুঝিয়েছি। জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন। এ জন্য তাদের বলব, তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে। এমনিই তারা একাত্তরের সময় একটা অনেক বড় আকাম করেছে বাংলাদেশে। এ সময়ে আপনাদের সুযোগ এসেছে। এ সময়ে আপনারা জনগণের পক্ষে দাঁড়ান।

সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী প্রমুখ উপস্থিত ছিলেন।