বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে – ডাঃ তাহের

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৬ মাস আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে রাজনৈতিক সংকট তৈরীর অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগনের মাঝে সংশয় তৈরীর অপপ্রয়াস।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানের হলরুমে নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
এসময়, ডা. তাহের আরো বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। বিগত সরকারের যে বাংলাদেশ ছিলো, সংস্কারবিহীন বাংলাদেশ – মনে হয় যেন বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। তবে, বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দিবেনা।
অন্তর্র্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে ডা. তাহের আরও বলেন, সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোন দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় তৈরী হবে।
এর আগে, নিজ আসন কুমিল্লা-১১ চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন ডা. তাহের। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত এ সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন।
এসময়, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ আমীর শাহ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারী, মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।