গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-জুলাই সনদ কী আমরা বুঝি, জনগণ বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এসব বোঝে শিক্ষিত মানুষেরা। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
মহাসচিব বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না৷
বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায দামে ধান বিক্রয়ের ব্যবস্থা করা হবে৷ ফ্যামিলি কার্ড করা হবে।
তিনি বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।