আজ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জামায়াতসহ সমমনা আট দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আন্দোলনরত দলসমূহের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, আজ বেলা ২টায় রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে আন্দোলনরত দলসমূহের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আন্দোলনরত দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও বিবৃতিতে জানানো হয়।

এদিকে, সমাবেশের প্রস্তুতির বিষয়ে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ের এক যৌথ সভা করে এই আট দল। সভা শেষে সমাবেশের সার্বিক প্রস্তুতির বিষয়ে নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা জানান, সমাবেশে হাজার নয়, লাখো মানুষের সমাগম হবে। এই সমাগমের মাধ্যমে সরকারকে একটি বার্তা দেয়া হবে। এরপরও সরকার বুঝতে না চাইলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

জামায়াতসহ সমমনা আটদলের দাবিগুলো হলো- জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।