পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেনের ফেসবুকে বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিস্থিতি।
তার সেই স্ট্যাটাসের প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পুরাতন ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব রোডের বিলাশ চত্বরে পথসভায় মিলিত হয়। পরে টাউনক্লাব মাঠে এস এম বায়জীদ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
পথসভায় জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘আজ আমাদের কোনো বিক্ষোভের কর্মসূচি ছিল না। কিন্তু পিরোজপুরের সাবেক অবৈধ চেয়ারম্যান বায়জীদ গতকাল ফেসবুকে যে মিথ্যাচার ও কটূক্তি করেছে, তা আমাদের বাধ্য করেছে রাস্তায় নামতে। তিনি লিখেছেন, ৩ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মারা গেছেন। এটি সম্পূর্ণ মিথ্যা, ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমরা এর কঠোর শাস্তি দাবি করছি।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে পিরোজপুর জেলা ছাত্রদল নিজ উদ্যোগে তাকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেবে।’
এসময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম–সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সহ–সভাপতি ফেরদৌস সরদার, দফতর সম্পাদক খালিদ হাসানসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এস এম বায়জীদ হোসেন তার ফেসবুকে বেগম খালেদা জিয়াকে ‘ক্লিনিক্যালি ডেড’ উল্লেখ করে একটি বিভ্রান্তিকর স্ট্যাটাস দেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।