আগামীর বাংলাদেশ হবে একটি ‘রেইনবো নেশন’: আমীর খসরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে একটি ‘রেইনবো নেশন’, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।

শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়ানোত্তর পুণ্যস্মৃতি স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিনি শুধু একজন মহাপণ্ডিতই ছিলেন না, বরং মানবসেবা ও শান্তি বিস্তারের এক অনন্য পথপ্রদর্শক ছিলেন। অনাথদের সেবা করা এবং অপরের সুখে সুখী হওয়ার দর্শনই ছিল তার জীবনের মূল শিক্ষা।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ধর্মের এই সেবামূলক বাণী রাজনীতিরও মূল চালিকাশক্তি হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান রাজনীতি সেই শান্তি ও মানবিকতার পথ থেকে অনেক দূরে সরে গেছে।

আমীর খসরু আরও বলেন, বিএনপি দেশে আবারও স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের রাজনীতি ফিরিয়ে আনতে কাজ করছে।