কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বিষ্ণপুর, কৃষ্ণপুর ও বড় আলমপুর গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি পিচঢালাই সড়ক এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে প্রায় ১০ হাজার মানুষকে।
স্থানীয়রা জানান, এই সড়কটি তিনটি গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। কোটবাড়ি এলাকায় যাতায়াতের জন্যও এটি বহুল ব্যবহৃত পথ। আশপাশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরাও প্রতিদিন এই সড়ক ব্যবহার করে কর্মস্থলে যাতায়াত করেন। বিশেষ করে মিয়ামি বেকারির শ্রমিকদের একটি বড় অংশ এই সড়কের ওপর নির্ভরশীল। ফলে সকাল থেকে রাত পর্যন্ত সড়কটিতে যানবাহন ও পথচারীদের চলাচল অব্যাহত থাকে।
তবে সড়কটির বেহাল অবস্থার কারণে ছোট যানবাহন চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি পথচারীদের জন্যও এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও কোথাও গভীর গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বৃষ্টির সময় এসব গর্ত পানিতে ভরে গেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তখন গর্ত চিহ্নিত করা যায় না।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবীরা এই সড়ক ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন বলেন, তিনি এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন। এমনকি ছবিসহ এলজিইডিতেও বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষ সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি বলে তিনি জানান।
সচেতন মহলের মতে, একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা শুধু জনদুর্ভোগ বাড়াচ্ছে না, বরং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।