দেবিদ্বারে হোটেলের দেয়াল ধসে ক্যাশিয়ার নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কুমিল্লার দেবিদ্বারে হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চান্দিনা এবং দেবিদ্বার উপজেলা সীমান্তবর্তী বাগুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বাগুর বাজারে মিজানুর রহমানের মালিকানাধীন হোটেলের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় ক্যাশ-টেবিলে বসা অবস্থায় হোটেল মালিকের শ্বশুর আব্দুস সামাদ (৬৫) দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয়রা তার লাশ উদ্ধার করে দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামে পাঠিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হঠাৎ একটি খাবার হোটেলের দেয়াল ধসে ক্যাশ টেবিলে বসা অবস্থায় আব্দুস সামাদের মৃত্যু হয়। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।