বিএনপি নেতা আবদুল কুদ্দুসের ভাষায় প্রতিবাদলিপিটি হুবুহু উল্লেখ করা হলো –
সম্প্রতি দৈনিক কালের কণ্ঠ এর অনলাইন পোর্টালে “ওয়ার্ড বিএনপি নেতার ‘মামলা নেশা’, অসহায় পুলিশ” শিরোনামে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
আমি আবদুল কুদ্দুস, পিতা মৃত আবদুল ওহাব, সাং পশ্চিম জাঙ্গালিয়া, ইউনিয়ন কালিরবাজার, জেলা কুমিল্লা। আমি স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছি।
মূলত পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ এবং দীর্ঘদিনের শত্রুতার জের ধরে আমার বড় ভাই আবদুল বারেক, তার ছেলে মাহবুব সুমন ও সাইফুর রহমান আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। অতীতে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয় প্রভাব খাটিয়ে আমার মালিকানাধীন জায়গা দখলের চেষ্টা করে। এসব বিষয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে একটি মামলার রায় ইতোমধ্যে আমার পক্ষে এসেছে এবং একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
সম্প্রতি ঝড়ে আমার একটি গাছ ভেঙে আবদুল বারেকের উঠানে পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়। এতে কয়েকটি টিন ক্ষতিগ্রস্ত হলেও প্রকৃত ক্ষতির পরিমাণ খুবই সামান্য। কিন্তু তারা বিষয়টিকে কেন্দ্র করে আমার কাছে অযৌক্তিকভাবে আড়াই লক্ষ টাকা দাবি করে এবং আমি আমার নিজের গাছ কাটতে গেলে বাধা প্রদান করে। পরে তারা পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরিও করে। আমি বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করে।

কুমিল্লা সদরের সাবেক এমপি আকম বাহারের সঙ্গে মাহবুব সুমন
পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে গাছ কাটার বিষয়ে সম্মতি দেওয়া হলেও পরদিন পুনরায় আমাকে বাধা দেওয়া হয়। এরপর পূর্বের শত্রুতার জের ধরে তারা আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে নানা অপপ্রচার শুরু করে এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়।

আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে মাহবুব সুমন
প্রকাশিত সংবাদের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অপপ্রচার চালানো হলেও বাস্তবে তারাই অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে তাদের একাধিক ছবিও রয়েছে।

বাহাউদ্দীন বাহারের সঙ্গে মাহবুব সুমন
আমি উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে প্রকৃত তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
বিনীত,
আবদুল কুদ্দুস