কুমিল্লায় পরিবেশ মন্ত্রী -আপনাদের খালের পানি যেন দূষিত না হয় সেটা দেখভালের দায়িত্ব আমার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবো। আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি।

গতকাল  রোববার কুমিল্লা সদরে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘গুনইঙ্গাজুরি খালের পানি দেখলাম, খুব মন খারাপ হলো। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যে ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে- এটা হতে দেয়া যায় না। ইপিজেড যেমন দরকার তেমনি দরকার সুষ্ঠু পরিবেশও। ’

মন্ত্রী আরও বলেন, আপনাদের খালের পানি যেন দূষিত না হয় সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আমিতো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দিবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদল সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।