কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করলো জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ঘন্টা আগে

কুমিল্লায় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ জাকারিয়া। এ সময় জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। সরকারের নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।