কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউসুফ ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিন নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ভূঁইয়া ওই গ্রামের মৃত আলী আজগর ভূঁইয়ার ছেলে।
নিহতের ছেলে মো. রাকিব হোসেনের অভিযোগ, বাড়ির সীমানা নিয়ে পাশের বাড়ির মৃত আশাদ মিয়ার ছেলেদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আশাদ মিয়ার ছেলেদের নেতৃত্বে হারুন, কবির হোসেন, নুরু, রিপন, দেলোয়ার, মজিব, সোলাইমান ও আশোক আলীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান।
এ সময় ইউসুফ ভূঁইয়া ও তার ভাই মো. স্বাধীন ভূঁইয়া (৫৫) আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাকিব হোসেন বলেন, প্রতিপক্ষের হামলার পর তার বাবা ইউসুফ ভূঁইয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।