চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১১শ গাছের চারা বিতরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২০ ঘন্টা আগে

প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১১শ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম এইচজে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রাম পৌরসভার আয়োজনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি চৌদ্দগ্রামকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহাদাৎ হোসেন বলেন পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১১শ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়েছে। একটি করে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বৃক্ষের উপকারীতা সম্পর্কে সচেতন ও বৃক্ষরোপণে উৎসাহিত করা।

শাহাদাৎ হোসেন আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

ইউএনও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি চারা ভবিষ্যতে বড় বৃক্ষে পরিণত হয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানো উচিত।

চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া বলেন আমি একটি লেবু গাছের চারা পেয়ে আমরা অনেক খুশি। উপহার পাওয়া চারাটা বাড়ির আঙিনায় রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলবো।

গাছের চারা পেয়ে চৌদ্দগ্রাম এইজজে সরকারি বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী আরাফাত বলেন আমি গাছ লাগানো ও পরিচর্যা করতে আমি ভালোবাসি। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, গাছ আমাদের অনেক উপকারী বন্ধু। প্রশাসন থেকে গাছের চারা উপহার পেয়ে ভালো লাগছে।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহআলম রাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মোহাম্মদ ইয়াছিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, এইচজে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন প্রমুখ।