ওটি পরিষ্কারে গিয়ে মিললো বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ, পুড়ানো হলো গোপনে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি (অপারেশন থিয়েটার) পুনরায় চালুর প্রস্তুতি হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। পরে বুধবার রাতে হাসপাতালের পেছনে এসব ওষুধ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টোরকিপারের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আব্দুর রাহাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। তবে ওষুধগুলো কর্মকর্তাদের অগোচরে নাকি তাদের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্তের দাবিও জানিয়েছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, আগামী রোববার বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি উদ্বোধন করবেন সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ উপলক্ষে ওটি ও আশপাশের কক্ষগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছিল। এ সময় ময়লা-আবর্জনার পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাওয়া যায়। এসব ওষুধের মেয়াদ ২০২৪ সালে শেষ হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার রাতে হাসপাতালের পেছনে এসব ওষুধ পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।

স্থানীয় যুবক ফয়সাল মোস্তাক বলেন, রাতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওষুধ পুড়িয়ে ফেলার খবর পান। সকালে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ও লাইভ করেন। তিনি বলেন, যেখানে সাধারণ মানুষ ওষুধ পাচ্ছে না, সেখানে রাতের আঁধারে ওষুধ পুড়িয়ে ফেলার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে দায়িত্বশীলরা বিষয়টি আমলে নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। এখন কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার বিষয়।

তিনি জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

ফয়সাল বলেন, স্থানীয়দের দাবি—মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কীভাবে দীর্ঘদিন পড়ে ছিল, কেন সময়মতো বিতরণ বা নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়নি এবং কার নির্দেশে সেগুলো পোড়ানো হয়েছে, তা তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে কী ধরনের ওষুধ, কত পরিমাণ ওষুধ এবং কত টাকার ওষুধ ধ্বংস করা হয়েছে, তা প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, আগামী রোববার ওটি চালু করা হবে এবং সংসদ সদস্য তা উদ্বোধন করবেন। ওটি পরিষ্কার করার সময় ওষুধ ও অপারেশনের সামগ্রী পাওয়া যায়। এসবের মেয়াদ ২০২৪ সালে শেষ হয়েছে। তিনি ওই সময় কর্মস্থলে ছিলেন না এবং ওষুধ পোড়ানোর কোনো অনুমতি দেননি।

তিনি বলেন, বেশির ভাগ ওষুধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ইনজেকশনের ভায়েল, ভিটামিনসহ এ ধরনের ওষুধ ছিল। এগুলো স্টোরের ওষুধ ছিল না; ওটি ও পাশের কক্ষগুলোতে ছিল। ওটি ও আশপাশের সব কক্ষ পরিষ্কার করা হয়েছে।

ওষুধ পোড়ানোর ঘটনায় স্টোরকিপারের দায়িত্বে থাকা আব্দুর রাহাতকে শোকজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শোকজের জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, সরকারি নিয়ম না মেনে ওষুধ পুড়িয়ে ফেলার বিষয়টি তার জানা নেই। ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।