নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি।।
প্রকাশ: ১ ঘন্টা আগে

চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে শিহাব জানান, ছয়তলা ভবনের পাঁচ তলার ছাদে কাজ করার সময় ছিটকে নিচে পড়ে যান তার বাবা। সেখানে থাকা শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল হাসান জানান, দেলোয়ার হোসেনের মাথায় বেশি জখম ছিল, পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। হাসপাতালে আনার ৪-৫ মিনিট পর তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, বিষয়টি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।