ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি তেলপাম্প থেকে ওই তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন মিটিংয়ে অংশ নিয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশের একটি তেলপাম্প থেকে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।