কুমিল্লার দেবিদ্বারে এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও অবৈধ পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন এলপিজি গ্যাসের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার ও সড়ক এলাকাজুড়ে এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে ‘ফকির ইলেক্ট্রনিক্স’-এর মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সঠিক মূল্য তালিকা ঝুলিয়ে না রাখায় ৩ জন মুদি দোকানদারকে মোট ৭ হাজার টাকা এবং ১ জন সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সড়কে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে ২ জন বাসচালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও সংরক্ষণের দায়ে এক হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপস্থিত সবজি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন এবং পণ্য ক্রয়ের ভাউচার বা চালানপত্র সংরক্ষণের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।