গাড়ি ছেড়ে দিল। শো শো শব্দে অন্ধকার ছিঁড়ে এগিয়ে চলছে মাইক্রোবাস। সামনের রাস্তা যেমন দীর্ঘ, ঠিক তেমনি দীর্ঘ হয়ে মাথার ভেতর পাক খাচ্ছে ফেলে আসা সেই শ্বাসরুদ্ধকর তেতত্রিশ ঘণ্টার স্মৃতি। মনে হচ্ছে, যেন কয়েক যুগের বোঝা বয়ে নিয়ে চলেছি। অথচ সময়ের কাঁটায় হিসেব করলে মাত্র তেতত্রিশ ঘণ্টা।
এবার বহুক্ষণ পর হাতে তুলে নিলাম আমার মোবাইল ফোনটি। স্ক্রিন জ্বলে উঠতেই বুঝলাম আমি কেবল একজন ব্যক্তি নই, আমি বহু মানুষের আবেগ, বিশ্বাস আর প্রত্যাশার অংশ। ফেসবুকে ঢুকতেই চোখে পড়ল, আমাকে আর তরুণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম যেন উত্তাল সমুদ্র। পোস্টের পর পোস্ট, স্ট্যাটাসের পর স্ট্যাটাস। কেউ প্রতিবাদ করছে, কেউ ক্ষোভ জানাচ্ছে, কেউ আবার নীরবে দোয়া পাঠাচ্ছে।
সাধারণ মানুষের শত শত আর্তনাদ, ভালোবাসা আর দোয়ার লেখা দেখে চোখ আর ধরে রাখতে পারলাম না। অশ্রু গড়িয়ে পড়ল নিরবে। বিশেষ করে স্নেহভাজন সাংবাদিক মহিউদ্দিন আকাশের তৈরী করা ভিডিওটি দেখে চাপা কান্নার আওয়াজ মুহুর্তেই ভারী হয়ে উঠল এতসব মানুষের ভালোবাসা না পেলে হয়তো ওই অন্ধকার সময়টুকু পার হওয়াই সম্ভব হতো না।
মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিলাম-
“সম্মানের মালিক একমাত্র আল্লাহ।
দ্বিগুণ সম্মান নিয়ে নীলফামারী থেকে কুমিল্লার পথে রওনা হলাম।
আমি ক্লান্ত। কুমিল্লা এসে কথা বলব। দোয়ায় রাখবেন।”
স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। মুহূর্তেই ভাইরাল। লাইক, কমেন্ট, শেয়ার সবকিছুর ভিড়ে ফোনটা কাঁপতে শুরু করল।
প্রথম ফোনটি এলো ঢাকা থেকে। আমার শ্যালিকা পারভীনের। কণ্ঠে আতঙ্ক আর স্বস্তির মিশ্রণ। এরপর একের পর এক ফোন,আত্মীয়, বন্ধু, সহকর্মী, অচেনা শুভাকাঙ্ক্ষী। সবাই জানতে চায়, আমি কেমন আছি, কীভাবে আছি, আদৌ ঠিক আছি কি না।
একসময় শারীরিক ও মানসিক ক্লান্তি আমাকে গ্রাস করে ফেলল। মনে হলো, এখন আর একটি শব্দ বলার শক্তিও নেই। আবার ফেসবুকে ছোট্ট করে লিখলাম-
“এখন কথা বলতে পারছি না।
কুমিল্লা এসে কথা বলব।”
গাড়ি ছুটে চলছে। রাত গভীর হচ্ছে।
আর আমি একজন ক্লান্ত মানুষ অথচ বুকের ভেতর নিয়ে চলেছি মানুষের ভালোবাসায় মোড়া এক অদ্ভুত রাজকীয় প্রত্যাবর্তন।
রাস্তায় যাত্রাবিরতি : মুক্ত আকাশের নিচে প্রথম নি:শ্বাস
সাভার অতিক্রম করার পর ভোরের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছিল। সম্ভবত তখনই ফজরের আজান ভেসে এলো । কান পেতে শুনলাম, দীর্ঘ এক দুঃস্বপ্নের শেষে যেন আলোর আহ্বান। ঢাকার ৩০০ ফিট সড়ক কিংবা তার আশপাশের কোনো এক এলাকায় নাস্তা করার জন্য গাড়ি থামানো হলো। ২৯ জুন, রোববার সকাল। দীর্ঘ বন্দিত্বের পর মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে হোটেলে নাস্তা করলাম। মনে হলো, অনেক দিন পর আবার স্বাভাবিক মানুষের মতো খাচ্ছি কোনো পাহারা নেই, কোনো জিজ্ঞাসাবাদ নেই, শুধু খোলা আকাশ আর আল্লাহর দেওয়া বাতাস।
এই সময়টায় আমার বাড়ি থেকে ভাই-বোনেরা আমাকে এক নজর দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। ফোনের পর ফোন আসছে। শুধু পরিবার নয়,কাঁদছে আমার প্রাণের প্রতিষ্ঠান মফিজ উদ্দিন সরকার মডেল মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশু শিক্ষার্থীরাও। তারা জানতে পেরেছে, আমি ফিরছি। তাদের আবদার কীভাবে উপেক্ষা করি?
তাই সিদ্ধান্ত নিলাম,মেঘনা ব্রিজ পার হয়েই প্রথমে মাদ্রাসায় যাব।
মাদ্রাসার ফটকে পা রাখতেই দৃশ্যটা আমাকে ভেঙে দিল। ছোট ছোট কোরআনের পাখিগুলো আমাকে দেখে দৌঁড়ে এলো। কেউ আমার হাত ধরে, কেউ জামা আঁকড়ে, কেউ আবার আমার হাতে চুমু খেতে লাগল। তাদের চোখে এক ধরনের ভয় আর স্বস্তির মিশ্র আলো যেন বাবাকে ফিরে পেয়েছে। পিতৃতুল্য বড় ভাই শরীফ আমাকে জড়িয়ে ধরে এতিম শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। সেই কান্না শুধু তার একার নয় ওটা ছিল পুরো পরিবারের, পুরো প্রতিষ্ঠানের, পুরো আশ্রয়হীন হৃদয়ের কান্না।
এরপর বাড়িতে গেলাম।
আপা, ছোট বোন শিল্পী দুজনেরই একই অবস্থা। চোখের পানি আর ধরে রাখতে পারছে না। মেজ ভাই টিপুর চোখও ছলছল করছিল। সবাই কষ্ট চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু চোখের ভাষা আর নিয়ন্ত্রণ মানে না।
সবচেয়ে ভারী মুহূর্ত এলো আব্বা-আম্মার কবর জিয়ারতের সময়। নিঃশব্দে দাঁড়িয়ে দোয়া করলাম। মনে হলো, আজ তারা বেঁচে থাকলে বুক দিয়ে আগলে রাখতেন আমাকে। নিজের আবেগ সামলে আবার কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
এদিকে, স্বস্তিতে নেই নীলফামারীর ডিবির এসআই বন্ধু বনে যাওয়া জাকির। বারবার ফোন করছে
“দোস্ত, কুমিল্লা গিয়ে বাসায় যাওয়ার আগেই যেন কোতয়ালী থানায় গিয়ে একটা স্বাক্ষর করে আসো। আমরা শুধু নিশ্চিত হতে চাই, তোমরা নিরাপদে পৌঁছেছ।”
বুঝলাম, এটাই তাদের শেষ দায়মুক্তির কাগজ। তাই কুমিল্লা এসে সরাসরি কোতয়ালী মডেল থানায় গিয়ে স্বাক্ষর করলাম। সেই স্বাক্ষরের মাধ্যমে যেন নীলফামারীর পুলিশ সুপার ও তার ডিবি টিমকে আনুষ্ঠানিকভাবে “মুক্ত” করে দিলাম।
ঠিক তখনই আমার ছোট ভায়রা ভাই ফরহাদ মোটরসাইকেল নিয়ে থানায় হাজির আমাকে বাড়ি পৌঁছে দিতে। অবশেষে, মহান আল্লাহর অশেষ রহমতে বেলা প্রায় বারোটার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজস্থ নিজ বাসায় পৌঁছালাম।
সেখানে আমার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল
আমার জীবন বন্ধু জাহেরা আক্তার। আর আমার মায়ের অবর্তমানে মা হয়ে ওঠা একমাত্র কন্যা সাবেকুন নাহার দিবা। ছোট শ্যালিকা নাহিদ মনি।
আমার ছেলে আবির তখন এইচএসসি পরীক্ষার হলে। আমাকে দেখামাত্রই আমার জীবন বন্ধুর চোখ-মুখ আনন্দের অশ্রুতে ভিজে উঠল। কোনো কথা নেই শুধু তাকিয়ে থাকা, শুধু চোখের ভাষা।
ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম। খাওয়ার পর জীবন বন্ধু বলল, “একটু রেস্ট নাও। তারপর অফিসে যেও।”
কিন্তু বিশ্রামের সুযোগ কোথায়? ফোনের পর ফোন আসছে। মানুষ আমাকে দেখতে চায়, কথা বলতে চায়, জানতে চায় আমি কেমন আছি।
অবশেষে বাধ্য হয়েই অফিসের দিকে রওনা হলাম। কারণ এই গল্পটা শুধু আমার নয়,
এই গল্প বহু মানুষের বিশ্বাসের, ভালোবাসার আর প্রতিবাদের। চলবে।