শাহাজাদা এমরান রচিত ‘নীলফামারী ও আমার দায়’ রাত সাড়ে আটটা : লাইভে দাঁড়িয়ে সত্য বলার সিদ্ধান্ত

ধারাবাহিক সিরিজ, মূল পাণ্ডুলিপি থেকে-১৯
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বিকেল গড়িয়ে সন্ধ্যা। ঠিক বিকেল তিনটার দিকে অফিসে এসে পৌঁছাই। শরীর তখনও ক্লান্ত, চোখের নিচে নির্ঘুম রাতের ছাপ স্পষ্ট। তবু ভেতরের মানুষটা বিশ্রাম নিতে রাজি নয়। কারণ, যা ঘটেছে তা শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়; তা সাংবাদিকতার, নাগরিক অধিকারের এবং রাষ্ট্রের আচরণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
সন্ধ্যার পর সহকর্মীদের সঙ্গে দীর্ঘ আলাপ হলো। কেউ বলল, এখনই কথা বলা ঠিক হবে না। কেউ বলল, অপেক্ষা করলে গুজব আরও বাড়বে। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে একটি সিদ্ধান্তে পৌঁছালাম,সত্য বলতেই হবে। আর তা বলতে হবে প্রকাশ্যে। ঠিক হলো, রাত পোনে নয়টায় লাইভে আসব।
সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই ‘কুমিল্লার জমিন’-এর ফেসবুক পেজে ঘোষণা দিলেন চিফ রিপোর্টার জাহিদ হাসান নাইম। ঘোষণাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ল। যেন বহু মানুষ অপেক্ষায় ছিল, আমি কী বলি, কীভাবে বলি।
ঘোষণা চোখে পড়তেই বাসা থেকে ফোন এলো আমার জীবন বন্ধুর। কণ্ঠে উৎকণ্ঠা, ভয় আর ভালোবাসার মিশ্র সুর। তিনি শুধু একটাই অনুরোধ করলেন, “লাইভে কারো নাম বলো না। দয়া করে নিজেকে আরও বিপদে ফেলো না, আমাদেরও আর বিপদে রাখিও না।”
আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম,“আচ্ছা।”
ফোন রেখে দিলাম। কিন্তু মনের ভেতর তখন যুদ্ধ চলছে। একদিকে পরিবারের ভয়, অন্যদিকে একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব। আমি জানতাম, আজ যদি আমি চুপ থাকি, তাহলে কাল সত্যের জায়গাটা আরও সংকুচিত হবে।
ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোতে লাগল। সময় ঠিক রাত পোনে নয়টা। লাইভে এলাম।
মোবাইল ক্যামেরার ওপাশে তখন অগণিত চোখ। কেউ সহানুভূতিতে, কেউ কৌতূহলে, কেউ আবার প্রশ্নে তাকিয়ে আছে। আমি গভীর শ্বাস নিলাম। মনে মনে বললাম, “হে আল্লাহ, সত্য বলার শক্তি দাও।” এরপর আমি কথা বলা শুরু করলাম।
যে বক্তব্যটি আমি সেদিন ‘কুমিল্লার জমিন’ লাইভে দিয়েছিলাম, তা কোনো নাটকীয় ভাষণ ছিল না, কোনো সাজানো অভিযোগও নয়। ছিল নিখাদ অভিজ্ঞতার বিবরণ। একজন নাগরিক ও সাংবাদিকের চোখ দিয়ে দেখা রাষ্ট্রীয় আচরণের গল্প।
সেই বক্তব্যটি হুবহু নিচে তুলে ধরা হলো :
শ্বাসরুদ্ধকর নীলফামারীর একত্রিশ ঘণ্টা : কুমিল্লায় ফিরে সত্যের মুখোমুখি
ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার জীবনের সবচেয়ে অমানবিক, সবচেয়ে দুঃসহ নীলফামারীতে কাটানো সেই শ্বাসরুদ্ধকর একত্রিশ ঘণ্টার গল্প।
এ গল্প কোনো কল্পকাহিনি নয়, কোনো রাজনৈতিক বক্তব্যও নয় এ আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, একজন নাগরিক ও একজন পেশাদার সাংবাদিকের আত্মকথা।
আমি সাংবাদিকতার পথচলা শুরু করি ১৯৯৪ সালের ২১ অক্টোবর, কুমিল্লায়। দীর্ঘ ৩১ বছরের সাংবাদিকতা জীবনে আপনাদের ভালোবাসাকেই পাথেয় করে এগিয়ে চলেছি। আমি কতটা সফল হয়েছি, কতটা ব্যর্থ হয়েছি সে বিচারের ভার আমি আপনাদের, আমার প্রিয় কুমিল্লাবাসীর ওপরই ছেড়ে দিলাম।
কুমিল্লার আপামর মানুষের যে কোনো রায় আমি মাথা পেতে নিতে প্রস্তুত। কারণ, আজকের যে ‘শাহাজাদা এমরান’ সে আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সাহসের ফসল।
আমি একজন পেশাদার সাংবাদিক। কাজের প্রয়োজনে, কখনো কখনো নেশার টানে, সহকর্মীদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। ভ্রমণ আমার কাছে কেবল অবসর নয় মানুষ, সমাজ ও জীবনের গল্প জানার এক অনন্য মাধ্যম।
এই ধারাবাহিকতায় ২৬ জুন ২০২৫, শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে আমার সহকর্মী ও বন্ধু সংবাদকর্মী তারিকুল ইসলাম তরুণকে সঙ্গে নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হই। প্রতিবারের মতোই এই সফরের খবর আমি ফেসবুকে বন্ধুদের জানিয়ে দিই।
২৭ জুন শনিবার, আমাদের গাড়ি নীলফামারীতে এসে পৌঁছায়। গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় চালক আমাদের পঞ্চগড় না নিয়ে নীলফামারীতেই নামিয়ে দেন। সেটিও আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাই।
আমরা নীলফামারী পৌর মার্কেটসংলগ্ন আল-নূর রেস্ট হাউজে উঠি। এরপর ঘুরতে যাই ঐতিহাসিক নীলসাগর সেখান থেকে ‘কুমিল্লার জমিন’ ফেসবুক পেজে লাইভ করি। ফেরার পথে এক রিকশাচালকের জীবনের গল্প তুলে ধরি । কারণ, মানুষের গল্পই আমার সাংবাদিকতার প্রাণ।
বিকেল তিনটার দিকে আমরা শ্যামলী পরিবহনের কাউন্টারে কুমিল্লা ফেরার টিকিট কাটি। বাস ছাড়ার কথা ছিল বিকেল চারটায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য তখন ওত পেতে বসে ছিল পুলিশ। এর মধ্যেই নীলফামারী জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) আমাদের আটক করে। সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় নীলফামারী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। সেখানে আমাকে জানানো হয় কুমিল্লা থেকে কয়েকজন সাংবাদিক আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাঠিয়েছেন। অভিযোগগুলো ছিল ভয়ংকর ও বিস্ময়কর
১. আমি নাকি কুমিল্লার আওয়ামী লীগের শীর্ষ নেতা,
২. আমি নাকি সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত পিএস,
৩. আমি নাকি সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে ভারতে পালাতে সহযোগিতা করেছি,
৪. এমনকি আমিও নাকি সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে নীলফামারীতে এসেছি।
আরও বলা হলো আমি অতীতে এপেক্স ক্লাব, বাপা, নাটাবের যেসব কর্মসূচি করেছি, সেখানে যারা অতিথি ছিলেন তারা সবাই আওয়ামী লীগের লোক; সুতরাং আমিও নাকি আওয়ামী লীগের দোসর।
আমি শান্তভাবে আমার নীলফামারীতে আসার কারণ ব্যাখ্যা করি। বিনয়ের সঙ্গে বলি,
“আপনারা কুমিল্লায় খোঁজ নিন। এসপি, ডিসি, বিএনপি, জামায়াত সবার সঙ্গে কথা বলুন। দেখুন অভিযোগগুলো সত্য কি না।” আমি অনুরোধ করি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘আমাদের কুমিল্লা’ ও ‘কুমিল্লার জমিন’ কী ভূমিকা রেখেছে, আমার মোবাইল ঘেঁটে দেখুন।
আমি স্পষ্ট বলি,আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই। তবু কুমিল্লার মানুষ বিশ্বাস করে, আমার কলম কিছুটা ডানপন্থী এ কারণ অন্যায়ের বিরুদ্ধে আমার লেখায় আপসহীনতা আছে।
ডিবি পুলিশ আমার বক্তব্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। পরবর্তী ধাপে অতিরিক্ত পুলিশ সুপার জিজ্ঞাসাবাদ করেন।
আমি সাফ জানিয়ে দিই, “আমি যদি আওয়ামী লীগ করি, যদি পিএস হয়ে থাকি, যদি সীমান্ত পার হতে আসি প্রমাণ করুন। আমি ফাঁসির মঞ্চে উঠতেও রাজি।”এরপরও তারা আমাকে নাস্তা করান। আমার লেখা ‘আঙ্কেল গেটটা খোলেন না’ বইটি দেখে প্রশংসা করেন।
তৃতীয় ধাপে পুলিশ সুপার নিজে জিজ্ঞাসাবাদ করেন। আমার গত সাত আট বছরের ছবি একে একে দেখান। আমি বিনয়ের সঙ্গে বলি, “আমি সাংবাদিক। নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকতেই পারে। কিন্তু সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের সঙ্গে আমার একটি ছবিও দেখাতে পারবেন না।” রাত গভীর হয়। তদন্ত চলে। রাত তিনটায় জানা যায়, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। ভোর চারটায় জানানো হয় আমাকে ঢাকায় যেতে হবে।
ছয়জন আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে ৩৬৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ঢাকায় নেওয়া হয়।
ঢাকা ডিবির ওয়ারী জোনে পৌঁছে দেখি, ডিআইজি পদমর্যাদার তিনজন কর্মকর্তা আমাদের জন্য অপেক্ষা করছেন।
তখন মনে হলো, আমি বুঝি ভয়ংকর কোনো অপরাধী! তারা প্রশ্ন করেন। আমি একে একে উত্তর দিই। বলি,
“প্রমাণ থাকলে ফাঁসি দিন। না থাকলে যারা মিথ্যা অভিযোগ দিয়েছে, তাদের বিচার করবেন কি না?”
আমি কাঁপা গলায় বলি, “আমার একমাত্র ছেলের আগামীকাল এইচএসসি পরীক্ষা। দোষ না থাকলে আমাদের ছেড়ে দিন।”
তারা আমার ফেসবুক ঘেঁটে দেখে সত্যতা পান।
বিকেল চারটায় আবার আমাদের নীলফামারীতে ফেরত পাঠানো হয়।
রাত এগারোটায় নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে ডিবি পুলিশ আমাদের বুকে জড়িয়ে ধরে জানায়,
সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি তখন পুলিশ সুপারকে সরাসরি প্রশ্ন করি,
“যে অভিযোগে আমাকে এতটা অপমান করলেন, তার প্রমাণ কী?” তিনি জবাব দিতে পারেননি। অবশেষে রাত এগারোটায় আমাদের মুক্তি দেওয়া হয়।
মোবাইল হাতে নিয়ে যখন দেখি,কুমিল্লার মানুষ, সাংবাদিক, সাধারণ জনগণ আমার মুক্তির জন্য দোয়া করেছেন, আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি।
এই বিপদের দিনে যারা পাশে দাঁড়িয়েছেন, আমি আপনাদের কাছে চিরঋণী।
আমাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর চেষ্টা হয়েছিল। কিন্তু কুমিল্লার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাল হয়ে দাঁড়িয়েছেন।
আমি শুধু এটুকু বলে শেষ করছি-
যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন ,আমি আপনাদের ক্ষমা করে দিলাম,
কিন্তু ইতিহাস সব মনে রাখে।মহান আল্লাহও সাক্ষী হিসেবে থাকল।
ইনশাআল্লাহ, আমি আজীবন সত্যের পক্ষেই থাকব।