জীবনের দীর্ঘ পথে চলতে গিয়ে মানুষ জেনে কিংবা না জেনে, ভুলে কিংবা জ্ঞানত অনেক অন্যায়ই করে ফেলে। আমিও তার ব্যতিক্রম নই। মহান আল্লাহর দরবারে হয়তো আমারও অজানা কিংবা অপ্রকাশিত বহু গুনাহ রয়েছে। কিন্তু আজও নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি একটিও এমন অপরাধ খুঁজে পাই না, যার শাস্তি হিসেবে আমার বিরুদ্ধে এমন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও আজগুবি সংবাদ রচনা করা হতে পারে।
কিন্তু বাস্তবতা হলো তা করা হয়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে, নিষ্ঠুর আনন্দ নিয়ে, সাংবাদিকতার নাম ব্যবহার করে এই ফেক নিউজ তৈরি ও সরবরাহ করা হয়েছে বিভিন্ন দপ্তর ও ব্যক্তির কাছে। যারা এই জঘন্য কাজে যুক্ত, তারা কোনোভাবেই সাংবাদিক পরিচয়ের যোগ্য নন এ কথা আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই। আমি তাদের ‘হলুদ সাংবাদিক’ বলতেও রাজি নই। কারণ, আমার বিশ্বাস হলুদ সাংবাদিকদেরও সমাজে এক ধরনের পরিচয় ও অবস্থান আছে। কিন্তু এরা তারও নিচে, সাংবাদিক নামের কলঙ্ক, নর্দমার কীট।
আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে না হলেও পরজীবনে হলেও মহান আল্লাহর আদালতে কথিত এই সাংবাদিক নামধারী ব্যক্তিরা এবং তাদের সহযোগীরা অবশ্যই জবাবদিহির মুখোমুখি হবে। তবুও আমি মানুষ হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে, তাদের ক্ষমা করে দিয়েছি এই আশায় যে ক্ষমা চাইলে আল্লাহও ক্ষমা করেন।
এই তথাকথিত সাংবাদিক নামধারী নিকৃষ্ট মানসিকতার লোকেরা লিখেছে আমি নাকি ২০ হাজার ডলার নিয়ে নীলফামারী সীমান্ত দিয়ে ভারতে পালাতে যাচ্ছিলাম, আর সেই সময় বিজিবি আমাকে এবং তরুণকে সীমান্ত থেকে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। অথচ নির্মম সত্য হলো আমাদের দু’জনকে পুলিশ একটি আবাসিক হোটেল থেকে আটক করে নিয়ে যায়। সীমান্ত, বিজিবি, ডলার সবই ছিল সাজানো গল্প, পরিকল্পিত মিথ্যাচার।
এই ফেক নিউজ তারা কয়েকটি নামসর্বস্ব অনলাইন পোর্টালে প্রকাশ করে এবং সেই লিংক ছড়িয়ে দেয় সর্বত্র। আরও বেদনাদায়ক বিষয় হলো যাকে আমি নিজ হাতে সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য করেছি, যার সংকটে আমি একাধিকবার কলম ধরেছি, টকশোতে কথা বলেছি, পাশে দাঁড়িয়েছি সেই একজন টেলিভিশন সাংবাদিকই সর্বপ্রথম দ্বিগুণ উৎসাহ নিয়ে এই মিথ্যা সংবাদের লিংক সাংবাদিকদের যোগাযোগের গ্রুপ ‘প্রান্তিক’-এ শেয়ার করে।
সত্য ঘটনা জেনেও সে তা গোপন করেছে। ন্যূনতম নৈতিকতার জায়গা থেকে তার উচিত ছিল অন্তত আমার অতীত ভূমিকার প্রতি সম্মান দেখানো। কিন্তু সে তার উল্টোটা করেছে। কতিথ সাংবাদিকরা এই ভুয়া সংবাদটি সে আমার কর্মস্থল দৈনিক দিনকাল এবং তরুণের কর্মস্থল দৈনিক মানবকণ্ঠ পত্রিকার অফিসে পাঠিয়ে দেয় আমাদের দু’জনের চরিত্রহনন ও পেশাগতভাবে ধ্বংস করার উদ্দেশ্যে।
মহান আল্লাহর রহমতে তারা আমার দৈনিক দিনকাল পত্রিকায় খুব বড় ক্ষতি করতে পারেনি। কিন্তু দুঃখজনকভাবে, তরুণের ক্ষেত্রে তারা সফল হয়। একটি মিথ্যা খবর, একটি সাজানো গল্প একজন সাংবাদিকের জীবনের রুটি-রুজির জায়গা কেড়ে নিতে সক্ষম হয়।
এখানেই প্রশ্ন জাগে এরা কি সাংবাদিক? নাকি সাংবাদিকতার নাম ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ, ঈর্ষা ও ষড়যন্ত্র বাস্তবায়নের কারিগর?
এই অধ্যায় শুধু আমার ব্যক্তিগত বেদনার গল্প নয়। এটি আমাদের সময়ের সাংবাদিকতার এক অন্ধকার দলিল যেখানে সত্যকে হত্যা করে মিথ্যাকে প্রতিষ্ঠা করা হয়, যেখানে কলম হয়ে ওঠে ছুরি, আর সংবাদ হয়ে ওঠে চরিত্রহননের অস্ত্র।
ফেক নিউজের বলি : তরুণের চাকরি হারানোর নির্মম অধ্যায়
দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সঙ্গে আমার সম্পর্ক কোনো সাধারণ পেশাগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই পত্রিকার জন্মলগ্নে কুমিল্লা অঞ্চলে সাংবাদিকতার যে যাত্রা শুরু হয়েছিল, তার একজন প্রত্যক্ষ অংশীজন আমি নিজেই। ২০১২ সালে মানবকণ্ঠ কর্তৃপক্ষ আমাকে স্টাফ রিপোর্টার পদে সম্মানজনক বেতন ও মর্যাদাসহ নিয়োগ দেয়। পত্রিকাটির শুরুর দিনগুলোতে মাঠে-ঘাটে, রাজপথে ও মানুষের জীবনের গভীর সংকটে যে সংবাদ সংগ্রহ করেছি, তা ছিল দায়িত্ববোধ ও পেশাদারিত্বেরই অংশ।
দীর্ঘ এক দশক পর, ২০২২ সালে আমি দৈনিক আমাদের নতুন সময়-এ কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া ও চাঁদপুর এই তিন জেলার ব্যুরো চীফ হিসেবে যোগ দিই। কিন্তু মানবকণ্ঠ-এর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তখনো অটুট ছিল। সেই সূত্রেই আমার সুপারিশ ও আস্থায় সাংবাদিক তরিকুল ইসলাম তরুণকে মানবকণ্ঠ-এ নিয়োগ দেওয়া হয়। তরুণ ছিলেন পরিশ্রমী, নিষ্ঠাবান ও পত্রিকার চাহিদা অনুযায়ী দায়িত্ব পালনে আন্তরিক। সংবাদ লেখায় তার কিছুটা দূর্বলতা থাকলেও পত্রিকার বানিজ্যিক চাহিদা সে পুরাপুরি সফল ছিল।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস হলো যে সময়ে তরুণ জীবনের সবচেয়ে ভয়াবহ সংকটে পড়লেন, ঠিক সেই সময়েই মানবকণ্ঠ-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ানোর ন্যূনতম মানবিকতাও দেখাল না। কোনো অনুসন্ধান ছাড়াই, কোনো বক্তব্য শোনার সুযোগ না দিয়েই, কেবল কিছু কথিত সাংবাদিক নামধারী নর্দমার কীটের ছড়ানো ফেক নিউজের ওপর ভর করে তাকে একতরফাভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
এখানেই শেষ নয়। আরও বিস্ময়কর বিষয় হলো,এক দিনের মধ্যেই তার শূন্য পদে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়। যেন সবকিছুই পূর্বপরিকল্পিত, যেন একজন সাংবাদিকের পেশাগত মৃত্যু আগে থেকেই লেখা ছিল।
এই সিদ্ধান্ত শুধু একজন সাংবাদিকের চাকরি হারানোর ঘটনা নয়; এটি মানবকণ্ঠ পত্রিকার নেতৃত্বের অপেশাদারী ও দায়িত্বহীন মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ। এই আচরণ সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি এটি হলুদ সাংবাদিকতাকে পরোক্ষভাবে উসকে দেওয়ার এক ভয়ংকর দৃষ্টান্ত। ফেক নিউজকে যাচাই না করে গ্রহণ করা মানেই মিথ্যাকে বৈধতা দেওয়া, আর সত্যকে শাস্তি দেওয়া।
আমি ব্যক্তিগতভাবে বহু চেষ্টা করেছি, তদবির করেছি,তরুণ যেন অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত একজন সাংবাদিককে জীবিকার জায়গা থেকে স্থায়ীভাবে ছিটকে দেওয়া হলো।
এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়,আজকের সাংবাদিকতায় শুধু সত্য বললেই হয় না, সত্য বলার লোককেও বাঁচতে হয়। ফেক নিউজ যখন প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ভিত্তি হয়ে দাঁড়ায়, তখন সেই প্রতিষ্ঠান নিজেই সাংবাদিকতার নৈতিক আদালতে অভিযুক্ত হয়ে পড়ে। তরুণের চাকরি যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আমাদের সময়ের মিডিয়া বাস্তবতার এক করুণ দলিল । যেখানে মিথ্যার একটি শিরোনাম একজন মানুষের জীবন ও ভবিষ্যৎকে তছনছ করে দিতে পারে।
দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমানের খোঁজখবর
হলুদ সাংবাদিকতা, নর্দমার মানসিকতা ও সাংবাদিক নামের কলঙ্ক বহনকারী কিছু ব্যক্তি এমন নিখুঁত পরিকল্পনায় ঘটনাটিকে বিকৃত ও সাজিয়ে উপস্থাপন করেছিল যে, অল্প সময়ের মধ্যেই সেই ভুয়া ও ভিত্তিহীন সংবাদ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং ব্যক্তি পর্যায়ের প্রচারে এক ধরনের উদ্দেশ্যপ্রণোদিত আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করা হয়।
এই মিথ্যাচারের ঢেউ যখন সীমান্ত ছাড়িয়ে যায়, তখন তার অভিঘাত গিয়ে পড়ে প্রবাসেও। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক দিনকাল-এর সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তারেক রহমান মহোদয় ঘটনাটি সম্পর্কে অবগত হন। সংবাদটি তাঁর নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি এর সত্যতা জানার আগ্রহ প্রকাশ করেন। সাত সমুদ্র তেরো নদীর দূরত্ব কোনোভাবেই তাঁর দায়িত্ববোধকে ক্ষীণ করতে পারেনি। এটাই একজন প্রকৃত সম্পাদক ও রাজনৈতিক নেতার পরিচয়।
আমি যেহেতু দৈনিক দিনকাল-এর একজন সাংবাদিক, তাই সম্পাদক মহোদয় আমার বিষয়ে খোঁজ নেবেন। এটাই ছিল স্বাভাবিক ও প্রত্যাশিত। একজন সহকর্মীর বিপদে, বিশেষ করে যখন তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়, তখন সম্পাদক হিসেবে দায়বদ্ধতা কেবল অফিসের চার দেয়ালে সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে পড়ে মানবিক ও নৈতিক দায়িত্বের পরিসরে।
আমাদের সম্মানিত ব্যবস্থাপনা সম্পাদক, বিজ্ঞ আইনজীবী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই সম্ভবত সার্বিক পরিস্থিতি, ঘটনার প্রেক্ষাপট ও বাস্তব সত্য সম্পাদক মহোদয়ের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। দায়িত্বশীলভাবে তথ্য উপস্থাপনের এই ধারাবাহিকতাই প্রমাণ করে একটি সংবাদপত্র কেবল কাগজের পৃষ্ঠা নয়, বরং তা একটি মূল্যবোধ, একটি নৈতিক অবস্থান।
এই খোঁজখবর নেওয়ার ঘটনাটি আমার কাছে শুধু ব্যক্তিগত স্বস্তির বিষয় ছিল না; এটি ছিল সাংবাদিকতার প্রতি আস্থার একটি শক্ত ভিত্তি। যখন ফেক নিউজের বিষাক্ত ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন, তখন সম্পাদক মহোদয়ের এই মানবিক ও দায়িত্বশীল অবস্থান প্রমাণ করে সব অন্ধকারের মাঝেও আলো নিভে যায় না।
এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সাংবাদিকতা এখনো বেঁচে আছে। কিছু মানুষের সততা, দায়িত্ববোধ ও নৈতিক দৃঢ়তার মধ্য দিয়ে। মিথ্যা যত দ্রুত ছড়াক না কেন, সত্যের পেছনে যে অনুসন্ধিৎসু চোখ থাকে, সেটিই শেষ পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। চলবে।