চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু

চাঁদপুর প্রতিনিধি ।।
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপচে পড়া ভিড়ে চাঁদপুরে পর্দা উঠল ২২তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শাহরাস্তি উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে মতলব দক্ষিণ উপজেলা দল।

এর আগে বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুনযুক্ত বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় জাতীয় পতাকা ও জেলা ক্রীড়া সংস্থার পতাকার পাশাপাশি জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ উপজেলা দলের পতাকা উত্তোলন করেন। উদ্বোধন শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করে গ্যালারিতে আরও বেশি দর্শক সমাগম ঘটানোর আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।

এ ছাড়া অনুষ্ঠানে জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, সদস্য ডিএম শাহজাহান, জয়নাল আবেদীন জনু, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় শাহরাস্তি ও মতলব দক্ষিণ। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় সবুজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শাহরাস্তি উপজেলা দল। তবে প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মতলব দক্ষিণ। খেলার ৪২ ও ৪৬ মিনিটে পরপর দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সাগর।

বিরতির পর দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব দক্ষিণ উপজেলা দল।

জেলার ৮টি উপজেলার আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১৪ নভেম্বর) মুখোমুখি হবে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা দল।