দেশে তৈরি কাগজে ‘মেইড ইন থাইল্যান্ড’ লিখে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ঘন্টা আগে

পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বাংলাদেশে তৈরি কাগজে ‘মেইড ইন থাইল্যান্ড’ লিখে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব নকল কাগজ জব্দ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, অভিযানে দুটি প্রতিষ্ঠানে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য ও অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, কাগজগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশে উৎপাদিত। স্থানীয়ভাবে তৈরি কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।

এনবিআর জানায়, দুটি অভিযানে মোট ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৮৪ রিম এবং দ্বিতীয় প্রতিষ্ঠানে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়। দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের কারণে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।