গজারিয়ার বালুয়াকান্দিতে নির্বাচনী মাঠে নাজিম লাভলু, দুই বছর ধরে জনসংযোগ’

 মাসুদ আহমেদ,গজারিয়া॥
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ২ নম্বর বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নাজিম লাভলুকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা চলছে। নির্বাচনের বেশ আগে থেকেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নিয়ে প্রায় দুই বছর আগে থেকেই বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন মোহাম্মদ নাজিম লাভলু। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখাকে তিনি তাঁর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বলেন, “নির্বাচন এলেই অনেক প্রার্থীকে এলাকায় দেখা যায়। কিন্তু নির্বাচনের বাইরে তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে অনেক সময় সাড়া পাওয়া যায় না। নাজিম লাভলুর সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারি। তিনি প্রায় দুই বছর ধরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমার মনে হয়, বর্তমানে তিনি প্রচারণায় অনেকটাই এগিয়ে আছেন।”

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন, “জনগণ যদি আমাকে ভালোবাসেন, তাহলে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বলে আশা করি। আমি নির্বাচিত হতে পারলে বালুয়াকান্দি ইউনিয়নের মানুষের জন্য কাজ করে দেখাতে চাই। নির্বাচন শুধু ক্ষমতার জন্য নয়; গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্যও নির্বাচন করতে হয়। আমি বিগত সময়ে মানুষের পাশে ছিলাম, যতদিন বেঁচে থাকব মানুষের পাশে থেকে বাঁচতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর মূল শক্তি। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাঁদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি।

এদিকে, বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নাজিম লাভলুর জনসংযোগ ও নির্বাচনী তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।