লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়রা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখায় ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় ছাত্রলীগ নেতা ইমনের সঙ্গে আরও দুজন ছিলো, তবে তারা পালিয়ে গেছেন।
আটক ইমন উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের লুধুয়া গ্রামে মো. খোকার ছেলে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেন। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছেন। আগুন লাগিয়েই তারা পালিয়ে যান। এসময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।