ভারতে প্রতারণার শিকার ৫ বাংলাদেশি, ১০ লাখ টাকা খুইয়ে দেশে ফিরে আটক

ফেনী প্রতিনিধি।।
প্রকাশ: ৪ ঘন্টা আগে

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ বাংলাদেশি। তাদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাদের। দেশে ফিরে ফেনীর পরশুরামে সিএনজি অটোরিকশায় যাওয়ার পথে চালকসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সুবার বাজার সড়কে তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামানোর চেষ্টা করা হয়। চালক না থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।

আটক পাঁচজন হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮) ও কাশিমনগর এলাকার কামাল উদ্দিন (২৬)। তাদের বহনকারী অটোরিকশার চালক বেলাল হোসেন (৩৬) পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই পাঁচজন। তাদের লক্ষ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। কিন্তু ভারতে পৌঁছানোর পর একটি দালাল চক্রের কবলে পড়েন তারা। চক্রটি তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

একপর্যায়ে তাদের ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তী নগর, বীর চন্দ্রনগর অথবা মেলাঘর এলাকার কোনো একটি সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি তাদের।

ভুক্তভোগীদের ভাষ্য, সীমান্ত দিয়ে দেশে প্রবেশের পর তারা সিএনজি অটোরিকশায় পরশুরামের দিকে যাচ্ছিলেন। পথে ছাত্রদলের নেতাকর্মীরা অটোরিকশাটি থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসান বাবুর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এ অভিযান চালান।

আতাহার হোসেন পাপরুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন। সীমান্তে দায়িত্ব পালনকালে তাদের আটক করা হয়। পরে অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে একটি দালাল চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন বাদী হয়ে মানবপাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে মামলা করবেন। অন্যরা ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।