অপ্রতিম হত্যাকারীদের বিচার না হলে আমরা নিরাপত্তা ঝুঁকিতে পড়ব: বাবা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত স্কুলছাত্র অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেছেন, অপ্রতিম হত্যাকারীদের যাদের শিশু আইনে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে, তাদের বায়োলজিক্যাল টেস্ট বা রেডিওলজিকাল টেস্টে সঠিক বয়সটা যেন তুলে আনা হয়। অপ্রতিম হত্যার বিচার যেন সঠিকভাবে হয়।

তিনি আরও বলেন, যারা তাকে হত্যা করেছে তাদের বিচার যদি না হয়, এরা যদি আবার বের হয়, তাহলে আমরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বো।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও সেবামূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে সভায় অপ্রতিম হত্যাকাণ্ডসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।