বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) কুমিল্লায় একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদ লবিতে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী, এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এমপি এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন এমপি এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় কুমিল্লা জেলার ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কুমিল্লায় একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক কুমিল্লায় একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় ক্রীড়াবিদদের উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাটি কুমিল্লার ক্রীড়া উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।