নগরীতে মাত্র এক মাসের ব্যবধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকদের বিদ্যুৎ বিল দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বেড়ে গেছে। এতে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসের বিলে এমন অস্বাভাবিক ও ‘ভূতুড়ে’ বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ গ্রাহক ও বহুতল ভবনের বাসিন্দারা। ভুক্তভোগীরা প্রতিকারের আশায় পিডিবির শাসনগাছা কার্যালয়ে ভিড় করলেও মিলছে না সদুত্তর। উল্টো মিটার ও বিলিংয়ের দায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ঘাড়ে চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, পিডিবির কুমিল্লা বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (শাসনগাছা শাখা) নগরীর ৬৭ হাজার ২১৬ জন গ্রাহককে বিদ্যুৎসেবা প্রদান ও বিল উত্তোলন করে থাকে। এ শাখা থেকে অক্টোবর মাসের বিলের কাগজ হাতে পাওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া চলছে। বিশেষ করে আবাসিক এলাকার বহুতল ভবনগুলোর ‘মাদার মিটারে’ (কমন মিটার) অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছেন ভবন পরিচালনা পর্ষদ, কেয়ারটেকার ও ম্যানেজাররা। বাড়তি বিলের হিসাব মেলাতে না পেরে ফ্ল্যাট মালিকদের জেরার মুখে পড়তে হচ্ছে তাদের।
সরজমিনে রোববার ও সোমবার শাসনগাছা পিডিবি কার্যালয়ে দেখা যায়, বিল সংশোধনের আবেদন নিয়ে বিপুলসংখ্যক ভবন মালিক, ম্যানেজার ও সাধারণ গ্রাহক ভিড় করেছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কর্মকর্তাদের কাছ থেকে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা সমাধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। সেখানে নানা কায়দা-কৌশলে অতিরিক্ত বিদ্যুৎ বিলের খড়্গ গ্রাহকদের কাঁধেই তুলে দেওয়া হচ্ছে। শাখাটিতে শত শত গ্রাহক এসে ঘুরাঘুরি করলেও মিলছে না কোনো প্রতিকার। উল্টো কর্মকর্তারা অফিসে অনুপস্থিত থেকে গ্রাহকদের এড়িয়ে চলছেন। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তাকে কার্যালয়ে অনুপস্থিত দেখা গেছে। নগরীর জাঙ্গালিয়া এলাকার ‘সাগরপাড় টাওয়ারের’ ম্যানেজার বেলাল হোসেন বলেন, ‘সেপ্টেম্বর মাসে আমাদের ভবনের বিল এসেছিল ১৬ হাজার টাকা। অথচ অক্টোবরে বিল এসেছে ৪০ হাজার টাকা। এক মাসে আড়াই গুণ বেশি বিল কীভাবে আসে, তা ফ্ল্যাট মালিকদের কোনোভাবেই বোঝাতে পারছি না। এই অতিরিক্ত বিলের বোঝা কেউ নিতে চাচ্ছে না।’ একই অভিযোগ করেন পুরাতন চৌধুরীপাড়া এলাকার ‘সিলভার জাকির প্যালেসের’ ম্যানেজার শাহ আলম। তিনি বলেন, সেপ্টেম্বরে ৩৪ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। অক্টোবর মাসে বিল এসেছে ৭৫ হাজার টাকা। আবহাওয়া বা ব্যবহারের তারতম্যে ১০-২০ হাজার টাকা কমবেশি হতে পারে, কিন্তু দ্বিগুণেরও বেশি বিল অবিশ্বাস্য। এখানে নিশ্চিতভাবেই কোনো কারচুপি বা সিস্টেম ত্রুটি হয়েছে। পিডিবি অফিসে ঘুরেও কোনো ফয়সালা পাচ্ছি না। নগরীর ইসলামপুর এলাকার ‘সেল নিসর্গ ভবনের’ ম্যানেজার আতাউর রহমান জানান, সেপ্টেম্বরে তাদের ভবনের বিল ছিল ৫৪ হাজার ৬৯২ টাকা, যা অক্টোবরে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৯৩৫ টাকা। তিনি বলেন, বিলের কাগজ পাওয়ার পর থেকে প্রতিদিন বিদ্যুৎ অফিসে দৌড়ঝাঁপ করছি। ভবনের বাসিন্দারা এই ভূতুড়ে বিল মেনে নিচ্ছেন না, আবার কর্তৃপক্ষও কোনো সমাধান দিচ্ছে না। এখন চরম বিপাকে আছি। বিদ্যুৎ খাত সংশ্লিস্টদের মতে, মাঠপর্যায়ে নিয়মিত ও সঠিকভাবে মিটার রিডিং না নেওয়া, অনুমাননির্ভর বিল তৈরি কিংবা আগের মাসের বকেয়া ইউনিট একসঙ্গে যোগ করে বিল করার ফলে গ্রাহকরা উচ্চ ট্যারিফ ‘স্লাবে’ পড়ে যাচ্ছেন। এতে ইউনিটপ্রতি চার্জ বেড়ে বিল দ্বিগুণ হয়ে যাচ্ছে। এছাড়া স্মার্ট প্রিপেইড ও ডিজিটাল মিটারের কারিগরি ত্রুটি নিয়েও দীর্ঘদিন ধরে গ্রাহকদের মাঝে অসন্তোষ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিডিবি শাসনগাছা শাখার সহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বিদ্যুৎ ব্যবহার বেশি হয়েছে। তাছাড়া বিদ্যুতের মিটারে আমাদের কোনো হাত নেই। গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে, সে অনুযায়ীই বিল আসবে। এখানে আমাদের কিছুই করার নেই। পিডিবি কুমিল্লা বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (শাসনগাছা শাখা)-এর নির্বাহী প্রকৌশলী ইমাম হাসান বলেন, কোনো গ্রাহকের বিলে অস্বাভাবিক তারতম্য বা রিডিংয়ে ভুল হয়ে থাকলে আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তা যাচাই-বাছাই করে দেখা হবে। মিটার রিডিংয়ে কোনো ত্রুটি প্রমাণিত হলে পরবর্তী বিলের সঙ্গে তা সমন্বয় করে দেওয়া হবে।