কুমিল্লায় ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪৫ minutes ago

কুমিল্লায় ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা আয়োজনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের গোমতী নদীর চড়ে শুরু হয়েছে জেলা পর্যায়ের এই ইজতেমা।
জানা গেছে, মহান আল্লাহর নৈকট্য লাভে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। আগামীকাল শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। কুমিল্লা জেলা সদরের অদূরে পালপাড়া ব্রিজের পশ্চিম পাশে গোমতী নদীর চড়ে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।
ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, অস্থায়ী টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমায় গুরুত্বপূর্ণ ঈমানি বয়ান পেশ করবেন।
এদিকে ইজতেমাকে ঘিরে তাবলীগের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সাথে পালপাড়া এলাকার যুব সমাজের সম্মানিত স্বেচ্ছাসেবী পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ বক্স বসানো হয়েছে যা ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করবে। দেশের বিভিন্ন জেলা থেকে ইজতেমায় যোগ দিতে আসছেন জেলা উপজেলার মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন পালপাড়ার গোমতীর তীরে।
কিভাবে আসবেন কুমিল্লা জেলার ইজতেমায় …
দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে বুড়িচং রোডে শাসনগাছা থেকে তিন কিলোমিটার উত্তরে পালপাড়া ব্রিজ তারপর ব্রিজ থেকে আধা কিলোমিটার পশ্চিমে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে বালিখাড়া ব্রিজ পার হয়ে এক কিলোমিটার পূর্ব দিকে কুমিল্লা জেলার বিশ্ব ইজতেমার আয়োজক স্থান।