গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা গাইবান্ধার পলাশবাড়ীর চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে জোটের নেতা কর্মীরা পথ সভায় যোগ দিচ্ছেন।
জেলার পলাশবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ব্রাক মোড় পর্যন্ত জোটের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা গেছে। এর আগে, সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চটি রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
জোটের আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ ছাড়া সংকীর্ণ দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি।
পথসভায় ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন সাবেক জেলা জামায়াতে ইসলামীর ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা (সাদুল্লাপুর – পলাশবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলোয়ার হোসেন, জামায়াত পন্থী আইনজীবী, ব্যারিস্টার শাহরিয়ার কবির, জাগপার সভাপতি, শফিউল আলম, প্রধানবাংলাদেশ লেবার পাটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানসহ স্থানীয় জোটের নেতাকর্মীরা।
জোটের নেতারা বলেন, সরকারের কথা সঙ্গে কাজের কোনো মিল নেই। জনগণের রায়কে প্রত্যাখ্যান করছে। বিএনপি তাদের নেতাকর্মীদের টেন্ডারবাজির লাইন্সেস দিয়েছেন। জুলাই সনদ রায়কে বাস্তবায়ন নিয়ে জনগণের সঙ্গের ছিনিমিনি খেলছে। গণ রায় বাস্তবায়ন না হলে সব জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
সভা মঞ্চে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান ও জোটের কেন্দ্রীয় নেতাদের জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা।