ডাকসু নির্বাচন : ২৮টি পদের জন্য প্রায় ৫০০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গতকাল সোমবার প্রচুরসংখ্যক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে আটটি প্যানেল এবং স্বতন্ত্র হিসেবে পাঁচ শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গত ১২ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। গতকাল পর্যন্ত তা চলে।

পূর্বঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ২১ আগস্ট দুপুর ১টার সময় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। তবে গত রাত ৯টায় নির্বাচন কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা লক্ষ করেছি, বিপুলসংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলেও কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। এই এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় এক দিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টা এবং ২০ আগস্ট বুধবার বিকেল ৫টা করা হলো।
গত এক সপ্তাহে ডাকসুর বিভিন্ন পদে মোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে গতকাল ৪৪২ জন মনোনয়নপত্র নিয়েছেন। সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এই

তথ্য জানান।

গত সাত দিনে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে বিভিন্ন পদে মোট এক হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৯৭ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, বেগম রোকেয়া হলে ৪৬ জন, মাস্টারদা সূর্য সেন হলে ৯০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪ জন, শামসুন নাহার হলে ৩৭ জন, কবি জসীমউদ্দীন হলে ৭৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২৯ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, কবি সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন, স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘গতকাল মনোনয়নপত্র সংগ্রহের বাড়তি চাপ ছিল। তবে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় মনোনয়নপত্র নিয়েছে।’ আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘প্রার্থীরা আচরণবিধি মেনে একসঙ্গে পাঁচজন করে এসে মনোনয়নপত্র নিয়েছে।’

আটটি প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ : বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে গতকাল আটটি প্যানেল আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

তবে বেশির ভাগ প্যানেলের নাম এখনো চূড়ান্ত করে ঘোষণা করা হয়নি। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল, বাম ছাত্রসংগঠনগুলোর গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত প্যানেল। এ ছাড়া স্বতন্ত্র প্যানেল ডিইউ ফার্স্ট, স্বতন্ত্র আরো একটি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা : ডাকসু নির্বাচনে প্যানেল চূড়ান্ত করা হয়নি ছাত্রদলের। তবে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা। দুপুরের পর থেকে তিন ধাপে ভাগ হয়ে প্রধান রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁরা।

ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, তাঁদের প্যানেল এখনো চূড়ান্ত করা হয়নি। তবে দল থেকে আগ্রহী শিক্ষার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে তাঁরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে গত রাতের মধ্যে প্যানেল চূড়ান্ত হতে পারে বলে জানান তাঁরা। এ বিষয়ে ছাত্রদলের কবি জসীমউদ্দীন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল এখনো চূড়ান্ত করা হয়নি। আজ (সোমবার) রাতে আমাদের প্যানেল চূড়ান্ত করা হবে।’

২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রশিবিরের : ডাকসু নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুুদ্র নৃগোষ্ঠী, জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং অফিসারের কক্ষের সামনে মনোনয়নপত্র সংগ্রহের পর প্যানেলের শীর্ষ তিন পদের নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। বাকি পদগুলোর নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন সহসভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ হোসাইন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ নিয়ে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্যানেলের নাম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। আজ বিকেলে পূর্ণাঙ্গ প্যানেলটি সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করবেন আব্দুল কাদের, সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সহসাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন।

গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল : বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটও পূর্ণাঙ্গ একটি প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। গতকাল প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারাও মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তাদের প্যানেলের চূড়ান্ত নাম ও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

গতকাল মনোনয়নপত্র সংগ্রহের সময় জানা যায়, তাদের এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করবেন ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের শামসুন নাহার হলে নির্বাচিত সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

ছাত্র অধিকার পরিষদের প্যানেল ডাকসু ফর চেঞ্জ : ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব রাকিবুল ইসলাম।

স্বতন্ত্র দুটি প্যানেল : রাজনৈতিক ছাত্রসংগঠন বাদে আরো দুটি স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে একটি স্বতন্ত্র প্যানেলের নাম চূড়ান্ত করা হয়েছে। ‘ডিইউ ফার্স্ট’ নামের স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি পদে নির্বাচন করবেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মুহাম্মদ খালিদ, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও সহসাধারণ সম্পাদক পদে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্য একটি স্বতন্ত্র প্যানেল থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সহসভাপতি পদে নির্বাচন করবেন। তাঁদের প্যানেলের নাম হতে পারে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’। তবে প্যানেলের নাম আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হতে পারে। প্যানেলের সাধারণ সম্পাদক পদে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া বা বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে তারা প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এই প্যানেলে সহসভাপতি পদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক পদে সংগঠনটির কেন্দ্রীয় সহসম্পাদক খায়রুল আহসান মারজান এবং সহসাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের নির্বাচন করবেন।