কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে ডাবল হ্যাটট্রিক জয়ে ইতিহাস গড়লেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিএনপির এই প্রার্থী কুমিল্লা-৩ আসন থেকে ৬বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনটিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১লাখ ৪ হাজার ৫৮০ ভোট।
বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার পর কায়কোবাদ বলেন, মহান আল্লাহ তায়ালার মেহেরবানিতে আমি বিজয়ী হয়েছি। মুরাদনগরের সাধারণ ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতাকর্মী এবং সমর্থকরা আমার জন্য অনেক পরিশ্রম করেছে। সবাইকে নিয়ে সুন্দর এবং আলোকিত মুরাদনগর গড়তে চাই।
তিনি আরও বলেন, মুরাদনগরে একটি শান্তির সমাজ বিনির্মাণ করা হবে। এখানে কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না। আমাদের নেতাকর্মীদেরকে সংযত এবং ধৈর্য ধারণ করে চলতে হবে।
স্থানীয়রা জানান, কায়কোবাদ ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বিভিন্ন নির্বাচনে এ আসন থেকে তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বিজয় অর্জনের মাধ্যমে ডাবল হ্যাটট্রিক পূর্ণ হলো।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, এখানে মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গণমানুষের নেতা। তিনি যখনই নির্বাচন করতে আসেন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কায়কোবাদের পক্ষে একতাবদ্ধ হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি হ্যাটট্রিক জয়ের ইতিহাস গড়লেন।