জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সংগঠন সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
দলীয় সূত্রে জানা গেছে, ১০ জুলাই ফেনীর সোনাগাজীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন স্থানীয় নেতাদের মধ্যে মঞ্চেই হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে, যা প্রকাশ্যে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
একাধিক স্থানীয় নেতা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই ঘটনার মূল হোতা ছিলেন আকবর হোসেন। এ ঘটনার পর ১৯ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
দলটির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না-তা নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
চিঠির বিষয়ে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব বলেন, যেহেতু আমি ওই কর্মসূচির মূল আয়োজক ছিলাম এবং সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, শৃঙ্খলা রক্ষায় ত্রুটি থাকার কারণেই হয়তো কেন্দ্র থেকে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।