বুড়িচংয়ে অবৈধ ডিজেল বিক্রির দায়ে জরিমানা, ২,৫০০ লিটার জ্বালানি উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ ঘন্টা আগে

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার এলাকায় অবৈধভাবে ডিজেল বিক্রি ও মজুদের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা এনএসআই, কুমিল্লার তথ্যের ভিত্তিতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কালিকাপুর বাজারে ‘সূর্যমুখী’ নামীয় একটি এজেন্সির বিরুদ্ধে লাইসেন্সের শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এজেন্সির বাইরে তেলের গাড়ি রেখে ‘জনপ্রিয় ট্রেডার্স’-এর মাধ্যমে কোনো বৈধ চালান বা মেমো ছাড়াই ডিজেল বিক্রি করা হচ্ছিল বলে জানা যায়।

এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ‘জনপ্রিয় ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

এ সময় অভিযানকারী দল প্রায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জ্বালানি তেল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

নিলামে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে বুড়িচং উপজেলার ভরসার বাজার এলাকার মেসার্স জিসান ফুয়েল স্টেশনের স্বত্বাধিকারী মো. আব্দুস সালামের কাছে জনসম্মুখে নিলামের মাধ্যমে ২ লাখ টাকায় জব্দকৃত ডিজেল বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি ব্যবসা ও মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।